

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরে নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। গতকাল রোববার তিনি বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান পদে কর্মরত ছিলেন। মোংলা বন্দর কর্তৃপক্ষে যোগদানের পর সব সদস্য, বিভাগীয় প্রধান, নবম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তা, অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্য এবং সিবিএর অ্যাডহক কমিটির সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা করেন। সভায় বন্দরের চলমান প্রকল্প, অসমাপ্ত প্রকল্প ও কর্মপরিকল্পনার বিষয়ে নবনিযুক্ত চেয়ারম্যানকে অবহিত করা হয়।
তিনি বন্দরের সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ দায়িত্ব ও ধর্মীয় অনুশাসন মেনে দলগতভাবে কাজ করার বিষয়ে নির্দেশনা দেন। তিনি জানান, প্রশাসনিক কাজের জটিলতা কমানো সম্ভব হলে বন্দরের অন্যান্য অপারেশনাল কার্যক্রম সম্পাদন করা সহজ হবে। এ ছাড়া বন্দরের আয় বৃদ্ধি ও ব্যয় সংকোচনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সবাইকে নির্দেশনা দেন।