

আলবেয়ার কাম্যু ছিলেন আলজেরীয়-ফরাসি দার্শনিক, লেখক ও সাংবাদিক। ১৯৫৭ সালে ৪৪ বছর বয়সে নোবেল ইতিহাসের দ্বিতীয়-কনিষ্ঠতম ব্যক্তি হিসেবে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তার উল্লেখযোগ্য কাজ হলো—দ্য স্ট্রেঞ্জার, দ্য প্লেগ, দ্য মিথ অব সিসিফাস, দ্য ফল ও দ্য রেবেল।
কাম্যু আলজেরিয়ায় ১৯১৩ সালের ৭ নভেম্বর ফরাসি পাইড নোয়া পরিবারে জন্মগ্রহণ করেন। তার নাগরিকত্ব ছিল ফ্রান্সের। তার শৈশব দারিদ্র্যে আচ্ছন্ন ছিল। তিনি আলজিয়ার্স বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্র অধ্যয়ন করেন। ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানরা যখন ফ্রান্স দখল করেছিল, তিনি তখন প্যারিসে ছিলেন। কোঁবা নামে একটি বেআইনি সংবাদপত্রের প্রধান সম্পাদকের ভূমিকা পালন করেন। যুদ্ধের পর একজন খ্যাতিমান ব্যক্তি হয়ে ওঠেন এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় ভাষণ দিতে থাকেন। কাম্যু সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন। আলজেরিয়ার বহুসংস্কৃতি ও বহুত্ববাদের পক্ষে সোচ্চার ছিলেন, যা বিতর্কের সৃষ্টি করে। দার্শনিক মতবাদের দিক থেকে কাম্যুর চিন্তাভাবনা অ্যাবসার্ডিজম নামক দর্শনের উত্থানের অবদান রেখেছিল; যা ছিল শূন্যবাদ দর্শনের বিরুদ্ধে গড়ে ওঠা এক আন্দোলন। তাকে একজন অস্তিত্ববাদী হিসেবেও গণ্য করা হয়; যদিও তিনি নিজে সারা জীবন ধরে তা প্রত্যাখ্যান করেছেন। ১৯৬০ সালে ফ্রান্সের ভিলেব্লেভিনে ৪ জানুয়ারি এই মহান দার্শনিকের জীবনাবসান ঘটে।