

অশ্বিনীকুমার দত্ত জনহিতৈষী, রাজনীতিক ও লেখক। বৃহত্তর বরিশালে তিনি ১৮৫৬ সালের ২৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতা ব্রজমোহন দত্ত সাব-জজ ছিলেন। ব্যাচেলর অব আর্টস এবং মাস্টার্স অব আর্টস বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী অশ্বিনীকুমার দত্ত তার জীবনের পেশা হিসেবে শিক্ষকতা বেছে নেন। অবশ্য বরিশাল জেলা আদালতে স্বল্পকাল তিনি আইন ব্যবসায় নিয়োজিত ছিলেন। মানবপ্রেম ও জাতীয়তাবাদী রাজনীতিতে তার ভূমিকার জন্য তিনি সুপরিচিতি লাভ করেন। সমাজের কল্যাণ ও উন্নয়নের প্রতি গভীরভাবে নিবেদিত হয়ে তিনি বরিশাল শহরের মধ্যে নিজের দান করা এলাকায় ব্রজমোহন বিদ্যালয় ও ব্রজমোহন কলেজ প্রতিষ্ঠা করেন। তার ছাত্রদের শারীরিক ও নৈতিক দিকসমূহ বিকাশের জন্য তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ২০ বছর বিনা বেতনে কলেজে শিক্ষাদান করেন। তার সারা জীবনের সহিষ্ণু সমাজসেবা তাকে স্থানীয় জনগণের কাছে খুবই প্রিয় করে তোলে। জনগণের সদিচ্ছা ও তার পরিবারের সম্পদ ও প্রভাবের কারণে তিনি এমন জনসমর্থন লাভ করেন, যা তাকে ১৯০৫-১৯১১ সালের বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের সময় সংকীর্ণ জেলা পর্যায় থেকে বৃহত্তর প্রাদেশিক রাজনৈতিক অঙ্গনে নিয়ে যায়। কংগ্রেস সদস্য হিসেবে বরিশালে এক আলাদা সমর্থক গোষ্ঠী নিয়ে তিনি শহরের দ্বন্দ্ব-কলহ এবং উদারপন্থি ও চরমপন্থি দ্বন্দ্ব হতে নিজেকে সতর্কতার সঙ্গে দূরে রাখেন। অশ্বিনীকুমার দত্ত ১৯২৩ সালের ৭ নভেম্বর মারা যান।