

প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট আতাউস সামাদ। তিনি ১৯৩৭ সালের ১৬ নভেম্বর কিশোরগঞ্জ জেলার সতেরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্রাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্র সংসদের প্রচার সম্পাদক হিসেবে হল ম্যাগাজিন সম্পাদনা করেন। তার সাংবাদিকতায় হাতেখড়ি ১৯৫৬ সালে সচিত্র সন্ধানীতে। তিনি বিভিন্ন সময় দৈনিক আজাদ, পাকিস্তান অবজারভার পত্রিকায় দায়িত্ব পালন করেন। ১৯৭০-৭১ সময়কালে করাচির দ্য সান পত্রিকার পূর্ব পাকিস্তান শাখার ব্যুরো চিফ ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) যোগ দেন। দিল্লিতে বাসসের বিশেষ প্রতিনিধি এবং বাংলাদেশ টাইমসের বিশেষ প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রায় এক যুগ তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের বাংলাদেশ সংবাদদাতা ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে অধ্যাপনা করেছেন ২০ বছর। অধুনালুপ্ত সাপ্তাহিক ‘এখন’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। তার লেখা বই ‘এ কালের বয়ান’ সব কালের বয়ান হিসেবেই পাঠকের কাছে সমাদৃত। তিনি আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম রিপোর্টার ছিলেন। মুক্তিযুদ্ধে সাংবাদিক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশ স্বাধীন হওয়ার পর ভারত থেকে দেশে ফেরার পথে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিমানসঙ্গী ছিলেন। সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯২ সালে একুশে পদকে ভূষিত হন। আতাউস সামাদ ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর মারা যান।