

স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামন বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী। রামন ক্রিয়া আবিষ্কারের জন্য তিনি বিখ্যাত এবং ১৯৩০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। আলোর বিচ্ছুরণের ক্ষেত্রে তার মৌলিক আবিষ্কারই ছিল এ পুরস্কারের বিষয়। তার ভ্রাতুষ্পুত্র সুব্রহ্মণ্যন চন্দ্রশেখরও ১৯৮১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান।
চন্দ্রশেখর ভেঙ্কট রামন ১৮৮৮ সালের ৭ নভেম্বর ভারতের তিরুচ্চিরাপল্লিতে জন্মগ্রহণ করেন। তিনি মাত্র ১১ বছর বয়সে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ১৩ বছর বয়সে বৃত্তির মাধ্যমে এফএ পরীক্ষার পাস করেন (ইন্টারমিডিয়েট পরীক্ষার সমতুল্য)। ১৯০৪ সালে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব আর্টস পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি প্রথম স্থান অধিকার করেন এবং পদার্থবিদ্যায় স্বর্ণপদক পান। ১৯০৭ সালে সর্বোচ্চ ডিস্টিংশন নিয়ে মাস্টার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যাপক পদে নিযুক্ত হওয়ার পর ১৯১৭ সালে রমন সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন। অনেক শিক্ষার্থী আইএসিএস এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার কাছে সমবেত হন। ১৯২৬ সালে অধ্যাপক রামন ভারতীয় পদার্থবিজ্ঞানের সাময়িক পত্রিকা প্রতিষ্ঠিত করেন এবং তিনি প্রথম সম্পাদক ছিলেন। সাময়িক পত্রিকার দ্বিতীয় খণ্ডে রামন প্রভাব আবিষ্কারের প্রতিবেদন সমেত তার বিখ্যাত নিবন্ধ ‘একটি নতুন বিকিরণ’ প্রকাশিত হয়। তিনি ১৯৭০ সালের ২১ নভেম্বর ব্যাঙ্গালোরে (বর্তমানে বেঙ্গালুরু) মারা যান।