

সাম্প্রতিককালে বাউল গানের এক পরিবেশনায় আবুল সরকারের কিছু বক্তব্য কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকে তার কথাকে ‘ফাউল’, ‘উসকানিমূলক’ বা ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী’ হিসেবে আখ্যা দিচ্ছেন। অন্যদিকে আরেক অংশ বলছে, বাউল শিল্পের ঐতিহ্য, শিল্পভাবনা ও রূপক-যুক্তিমত না বুঝে সরাসরি ব্যাখ্যা দিলে ভুল বোঝাবুঝি তৈরি হয়। এ দুটি বিপরীত প্রতিক্রিয়ার সংঘাতে সমাজে উত্তেজনা সৃষ্টি হয়েছে, যা আমাদের একই সঙ্গে কয়েকটি মৌলিক প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়, যেমন—বক্তব্যের স্বাধীনতা ও সীমারেখা কী? ধর্মীয় অনুভূতির মর্যাদা অনুশীলন কেমন হওয়া উচিত? আইনের শাসনের জায়গায় জনরোষ কি ন্যায্য? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—সুফি দর্শনের মানবতাবাদী ব্যাখ্যায় বাউলদের চিন্তা, কর্ম, জীবনযাপন, চেতনা ও আচরণে তার প্রতিফলনের দায়দায়িত্ব কি প্রশ্নের সম্মুখীন?
অভিযোগ ও উত্তেজনার মূলে ভুল বোঝাবুঝি
বাউল গান ও দর্শন দীর্ঘ ঐতিহ্যের ফসল। এ ধারার ভাষা রূপক, প্রতীক ও দেহতত্ত্বে সমৃদ্ধ, যা আক্ষরিকভাবে না বুঝলে সহজেই ভুল ব্যাখ্যার জন্ম নেয়। বাউলরা প্রায়ই শরীর, প্রেম, মিলন বা ‘মানুষের ভিতরের মানুষ’ নিয়ে যেসব কথা বলেন, সেগুলো অনেক ক্ষেত্রে শ্রোতার সাংস্কৃতিক প্রস্তুতির ওপর নির্ভর করে ভিন্ন ভিন্ন অর্থ ধারণ করে। যেমন, গ্রামীণ একটা প্রবাদ আছে ‘এক দেশের বুলি, আরেক দেশের গালি’। আবুল সরকারের বক্তব্যও তাই। কেউ তা কবিতার ভাষা ও দেহতত্ত্ব হিসেবে দেখছেন। আবার কেউ একে সরাসরি অশালীনতা হিসেবে গণ্য করছেন। সামাজিক মাধ্যমে গানের সংক্ষিপ্ত কার্টপিস ছড়িয়ে দ্রুত উত্তেজনা ছড়ানোয় এ ভুল বোঝাবুঝি আরও বাড়িয়ে দিয়েছে।
এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হলো—কোনো বক্তব্যের ভাষা যদি সত্যিই শালীনতার সীমা ছাড়ায়, তাতে সমালোচনা হতেই পারে; কিন্তু সেই সমালোচনা যেন যুক্তি-তথ্যভিত্তিক হয়। আচমকা আবেগ বা দলগত ক্রোধের ভিত্তিতে কাউকে অপরাধী সাব্যস্ত করা যেমন ভুল; তেমনি প্রকাশ্যে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেওয়াও অনুচিত। একটি সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডলে শিল্পী ও সমালোচক—দুজনেরই দায়িত্বশীল আচরণ প্রয়োজন।
ধর্মীয় অনুভূতিতে আঘাত: বাস্তবতা ও সীমার প্রশ্ন
ধর্মীয় অনুভূতি যে একজন মানুষের অত্যন্ত সংবেদনশীল বিষয়, তা অস্বীকার করার উপায় নেই। ধর্মের প্রতি মানুষের আবেগ, আনুগত্য, পবিত্রতার ধারণা—এসবই তার পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই কোনো বক্তব্য যদি সত্যিই ধর্মকে অপমান করে, তা নিন্দনীয়। কিন্তু কোনটি ‘আঘাত’ আর কোনটি ‘ব্যাখ্যা’—এ দুয়ের মাঝে সূক্ষ্ম এক রেখা আছে।
সমস্যা হলো, অনেক সময় ধর্মীয় অনুভূতি—একটি ব্যক্তিগত মানসিক অবস্থা—আইনগত ও সামাজিক সিদ্ধান্তের ভিত্তি হয়ে যায়। ভিন্ন ব্যাখ্যা, মতভেদ বা দর্শনগত পার্থক্যকে ধর্মবিরোধিতা হিসেবে দেখা হয়। ফলে মুক্তচিন্তা সংকুচিত হয়। সাংস্কৃতিক বৈচিত্র্যও ক্ষতিগ্রস্ত হয়। বাউলদেরই ইতিহাস নিলে দেখা যায়—তারা প্রায়ই সমাজের প্রচলিত নিয়মনীতি, আচার-অনুশাসনকে প্রশ্ন করতেন। প্রচলিত ভাবনার বাইরে যাওয়ায় তাদের বিরুদ্ধে বহুবার অভিযোগও উঠেছিল। তাই ধর্মীয় অনুভূতির সংবেদনশীলতা রক্ষা করতে গিয়ে যেন মতপ্রকাশের স্বাধীনতা পুরোপুরি স্তব্ধ না হয়ে যায়, সেটা নিশ্চিত করাও জরুরি।
আইন হাতে তুলে নেওয়া: সামাজিক অনাচারের সবচেয়ে বিপজ্জনক রূপ
যে কোনো বিরোধ বা অভিযোগের ক্ষেত্রে রাষ্ট্রের আইনই হওয়া উচিত চূড়ান্ত রক্ষাকবচ। কেউ যদি মনে করেন কোনো শিল্পীর বক্তব্য আইনত শাস্তিযোগ্য, তাহলে করণীয় হলো আইনপ্রয়োগকারী সংস্থায় অভিযোগ জানানো। কিন্তু বাস্তবে দেখা যায়—উত্তেজিত জনতা নিজেরাই বিচার করে, আক্রমণ করে বা সামাজিক মাধ্যমে হুমকি দেয়। এ ধরনের আচরণ শুধু অগণতান্ত্রিকই নয়; এটি সমাজে ভয়, বিশৃঙ্খলা ও অস্থিরতা বাড়ায়। আবুল সরকারের ক্ষেত্রে হয়েছে ভিন্ন রূপ। তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে। স্থানীয় একজন আলেম মামলার অভিযোগ দিলে আদালত তাকে গ্রেপ্তার দেখায়। কিন্তু এ অবস্থার পরিপ্রেক্ষিতে আলেম সমাজ আইনের প্রতি শ্রদ্ধাশীল না থেকে পরবর্তীকালে বিভিন্ন জায়গায় বাউলদের ওপর সংঘবদ্ধ আক্রমণ চালায় এবং অনেকে আহত হয় মর্মে খবর প্রকাশিত হয়।
মনে রাখা প্রয়োজন, আইনের শাসন ভেঙে পড়লে সবাই ক্ষতিগ্রস্ত হয়—শিল্পী, সমালোচক, সাধারণ মানুষও। আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা যত বাড়ে, ততই সমাজে ভাষা ও মতের স্বাধীনতা সংকুচিত হয় এবং সহিংসতার ঝুঁকি বেড়ে যায়। যে সমাজ যুক্তি দিয়ে সমাধানের বদলে হিংসাকে বেছে নেয়, সেখানে কোনো মতই নিরাপদ থাকে না। তাই মতভেদ থাকলে আইনের পথই একমাত্র বৈধ পথ—এ কথা আমাদের বারবার উচ্চারণ করতে হবে।
সুফিবাদ: মানবপ্রেম বনাম ভুল ব্যাখ্যার দ্বন্দ্ব
বাউলধারা মূলত সুফি-দর্শনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত—মানুষের ভেতরের মানুষকে খোঁজা, সব ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে মানবপ্রেমকে সর্বোচ্চ মানদণ্ড হিসেবে দেখা আর আধ্যাত্মিক সাধনার মাধ্যমে অহং ভাঙার দীক্ষা। এ দর্শন মূলত ভালোবাসা, শান্তি ও সহমর্মিতাকে কেন্দ্র করে।
কিন্তু যখন বাউলধারা নিয়ে বিতর্ক হয়, প্রশ্ন ওঠে—এ মানবপ্রেমের দর্শন কি তার প্রায়োগিক ব্যাখ্যায় কোথাও বিকৃত হয়? দেহতত্ত্বের ভাষা কি সবসময় দায়িত্বশীলভাবে ব্যবহৃত হয়? কিংবা শ্রোতাদের সাংস্কৃতিক ও ধর্মীয় বোধ কি এসব প্রতীকের অর্থ বোঝার উপযোগী? এ দ্বন্দ্বসূত্রেই সুফিবাদ অনেক সময় ভুল ব্যাখ্যার শিকার হয়।
তবে বাস্তবতা হলো—যে কোনো দর্শন, ধর্ম বা সাংস্কৃতিক ভাষার ভুল ব্যাখ্যা সম্ভব; তাই ব্যাখ্যাকারীর সতর্কতা এবং শ্রোতার সংবেদনশীলতা—দুটি দিকই সমান গুরুত্বপূর্ণ। সুফিবাদকে প্রশ্নের মুখে ফেলে দেওয়ার পরিবর্তে তার প্রকৃত মানবতাবাদী আদর্শকে বোঝা—এ সময়ের সবচেয়ে জরুরি কাজ।
সহনশীলতার সংস্কৃতি গড়াই মূল লক্ষ্য
বাউল আবুল সরকারকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনা সমাজের বৃহত্তর অস্থিরতার প্রতিফলন। এটি শুধু একজন শিল্পীর বক্তব্যকে ঘিরে নয়; বরং আমাদের সহনশীলতা, বৈচিত্র্যবোধ ও আইন-মান্যতার পরীক্ষাও। মতের ভিন্নতা থাকবে, ব্যাখ্যার বিভিন্নতা থাকবে—কিন্তু তার সমাধান অবশ্যই আইন, যুক্তি ও আলোচনার মাধ্যমে হতে হবে।
ধর্মীয় অনুভূতি রক্ষা করতে হলে যৌক্তিকতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রয়োজন। আর সুফিবাদের মানবপ্রেমকে সমুন্নত রাখতে হলে রূপকের ভাষাকে দায়িত্বশীলভাবে ব্যবহার করতে হবে এবং শ্রোতাদেরও বিস্তৃত মন দিয়ে তা ব্যাখ্যা করতে হবে।
একটি সভ্য সমাজের উদারতা ও সৌন্দর্য ভিন্নতাকে সম্মানের জায়গা দিতে পারার মধ্যেই নিহিত থাকে।
লেখক: চিত্রশিল্পী, নাট্যকার, লেখক ও সাংবাদিক