

বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিন মেয়াদে সরকার গঠন করে ক্ষমতায় ছিলেন। তার প্রধানমন্ত্রিত্বের তিন মেয়াদে গুরুত্বপূর্ণ পদক্ষেপের ৫টিতে আলোকপাত করা হলো—
সংসদীয় গণতন্ত্র ফেরানো: খালেদা জিয়ার রাজনীতিতে অভিষেক আশির দশকে। সে সময় স্বৈরশাসক এরশাদের সামরিক শাসন চলছিল। এরশাদবিরোধী আন্দোলনের সময় তিনবার গ্রেপ্তার হন তিনি। এরশাদ সরকার পতনের পর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি সব দলের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতায় আসে বিএনপি। ক্ষমতায় এসে প্রথম মেয়াদে দ্বাদশ সংশোধনী পাসের মাধ্যমে বাংলাদেশকে রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে ফিরিয়ে আনেন।
বিনামূল্যে নারী শিক্ষা: প্রধানমন্ত্রী হিসেবে প্রথম মেয়াদেই শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন খালেদা জিয়া। এটি দেশের নারী শিক্ষায় ব্যাপক পরিবর্তন আনে বলে মনে করেন বিশ্লেষকরা। এ মেয়াদেই অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন, দশম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে ছাত্রীদের লেখাপড়ার সুযোগ তৈরি করে দেন তিনি। একই সঙ্গে ছাত্রীদের জন্য উপবৃত্তি প্রবর্তন এবং শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করা হয়। বাংলাদেশ জাতীয় জ্ঞান কোষ বাংলাপিডিয়ায় বলা হয়, খালেদা জিয়ার আমলে প্রাথমিক স্কুলে ভর্তির হার ৯৭ শতাংশে উন্নীত করা হয়। পরবর্তীকালে ছাত্রীদের শিক্ষা অবৈতনিক করা হয় দ্বাদশ শ্রেণি পর্যন্ত।
ভ্যাট চালু: বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে অর্থনীতিতে বেশ কিছু বড় পরিবর্তন আনা হয়। এর মধ্যে একটি ছিল ভ্যাট কার্যকর। যদিও তত্ত্বাবধায়ক সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ অধ্যাদেশ জারি করে মূল্য সংযোজন কর বা ভ্যাট ব্যবস্থা চালু করেন। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেটিকে আইনে পরিণত করে ও বাস্তবায়ন করা হয়। বাংলাদেশের অর্থনীতিতে ভ্যাট চালু করাকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হয়। কারণ, এটি সরকারের জন্য করের আওতা বৃদ্ধি ও রাজস্ব অনেক বাড়িয়ে দেয়।
যদিও সে সময় ব্যবসায়ীদের অনেকে এর বিরোধিতা করেন। তা সত্ত্বেও বিএনপি সরকার ভ্যাট ব্যবস্থা কার্যকর করে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা: প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকারের মেয়াদের শেষের দিকে সাধারণ নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল তীব্র আন্দোলন গড়ে তোলে। খালেদা জিয়া দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী থাকাকালীন ষষ্ঠ সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিল পাস করা হয়।
পলিথিন নিষিদ্ধ: বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ চারদলীয় জোট সংসদে দুই-তৃতীয়াংশেরও অধিক আসনে জয়লাভ করে। ১০ অক্টোবর খালেদা জিয়া তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তৃতীয় এ মেয়াদে পরিবেশ সংরক্ষণে খালেদা জিয়ার নেতৃত্বে জোট সরকার বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়। এর মধ্যে ২০০২ সালে পলিথিন শপিং ব্যাগ উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত ছিল সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। বিশ্বের প্রথম দিকের দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশ সে সময় এই সিদ্ধান্ত নেয়। এ পদক্ষেপ পরিবেশ আন্দোলনে দৃষ্টান্ত গড়ে তোলে। আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয় খালেদা জিয়া সরকারের এ পদক্ষেপ।