

মানিকগঞ্জের বনপারিল গ্রামের ঘটনাটি শুধু একটি বিচ্ছিন্ন অপরাধ নয়, এটি আমাদের সমাজের গভীরে জমে থাকা এক ভয়াবহ সংকটের প্রতিফলন। একদিকে একটি নিষ্পাপ শিশুকে নির্মমভাবে হত্যা, অন্যদিকে সেই হত্যার প্রতিক্রিয়ায় গণপিটুনিতে আরও দুজনের মৃত্যু। একটি অপরাধ যেন আরেকটি অপরাধকে জন্ম দিচ্ছে। এ ধারা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
এ ধরনের ঘটনা এখন আর বিরল নয়। শিশু নির্যাতন, ধর্ষণচেষ্টা, লোভের বশবর্তী হয়ে হত্যাকাণ্ডের পাশাপাশি প্রায়ই দেখা যাচ্ছে গণপিটুনি, প্রতিশোধমূলক সহিংসতা এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা। যেন পৈশাচিকতা এক ধরনের সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে গোটা সমাজে। একটির পর আরেকটি ঘটনা মানুষের সংবেদনশীলতা কমিয়ে দিচ্ছে, সহিংসতাকে স্বাভাবিক করে তুলছে।
মানিকগঞ্জের ঘটনায় যে চিত্র উঠে এসেছে, তা গভীরভাবে উদ্বেগজনক। একটি শিশুর নিখোঁজ হওয়া, পরে তার লাশ উদ্ধার এবং অভিযুক্তকে ঘিরে উত্তেজনা ছিল একটি তদন্তসাপেক্ষ বিষয়। কিন্তু সেই তদন্তের আগেই ক্ষোভের বিস্ফোরণে অভিযুক্তের পরিবারকে টার্গেট করা হয়েছে। প্রশ্ন উঠছে, কেন সমাজ এমনভাবে প্রতিক্রিয়া দেখায় যেখানে বিচারব্যবস্থার ওপর আস্থা হারিয়ে যায়?
অনেকেই মনে করেন, কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে এ ধরনের অপরাধ কমবে। এতে সন্দেহ নেই, অপরাধের যথাযথ বিচার এবং দ্রুত শাস্তি অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিচারহীনতা বা দীর্ঘসূত্রতা অপরাধীদের উৎসাহিত করে এবং ভুক্তভোগীদের মধ্যে হতাশা তৈরি করে। তাই কার্যকর বিচারব্যবস্থা শক্তিশালী করা অপরিহার্য।
তবে প্রশ্ন হলো, শুধু শাস্তি দিয়েই কি এই সংকটের সমাধান সম্ভব? বাস্তবতা বলছে, বিষয়টি আরও জটিল। কারণ, এখানে শুধু অপরাধ নয়, সামাজিক মানসিকতার পরিবর্তনও জরুরি। যখন মানুষ আইনের ওপর আস্থা হারায়, তখনই তারা নিজেরাই বিচারক হয়ে উঠতে চায়। এ প্রবণতা বন্ধ করতে হলে বিচারব্যবস্থাকে শুধু শক্তিশালী করলেই হবে না, তা হতে হবে দৃশ্যমান, দ্রুত এবং বিশ্বাসযোগ্য।
একই সঙ্গে প্রয়োজন সামাজিক ও পারিবারিক মূল্যবোধের পুনর্গঠন। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা এবং মাদকাসক্তির মতো সমস্যাগুলো মোকাবিলা করা জরুরি। মানিকগঞ্জের ঘটনায় অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে যে উচ্ছৃঙ্খল আচরণ ও মাদকসেবনের অভিযোগ উঠেছে, তা আমাদের আরেকটি বাস্তবতার দিকে ইঙ্গিত করে। তা হলো কিশোর অপরাধের বিস্তার।
শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা ও মানবিকতা চর্চার ওপর জোর দেওয়া প্রয়োজন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক নজরদারি, কমিউনিটি অংশগ্রহণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় উপস্থিতি বাড়ানো জরুরি। গণপিটুনির মতো ঘটনা প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়া এবং এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমাদের সম্মিলিতভাবে বুঝতে হবে যে প্রতিশোধ কখনো ন্যায়বিচারের বিকল্প হতে পারে না। একটি অপরাধের প্রতিক্রিয়ায় আরেকটি অপরাধ সমাজকে আরও অস্থির করে তোলে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করে না।
মানিকগঞ্জের এ মর্মান্তিক ঘটনা আমাদের জন্য একটি সতর্কবার্তা। এখনই যদি আমরা সচেতন না হই, তাহলে এ সহিংসতার চক্র আরও বিস্তৃত হবে। দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন, তবে তার পাশাপাশি প্রয়োজন আস্থা, মানবিকতা এবং সামাজিক দায়বদ্ধতার পুনর্গঠন। এই তিনটির সমন্বয়েই কেবল আমরা এ পৈশাচিক প্রবণতা থেকে উত্তরণের পথ খুঁজে পেতে পারি।