

আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। ইসরায়েল-ইরান যুদ্ধবিরতির নাজুক পরিস্থিতির মধ্যে তেলের দাম কমে আসায় স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতি এবং সম্ভাব্য সুদের হার বৃদ্ধির ঝুঁকিও বাজারের নজরে রয়েছে। খবর রয়টার্সের।
স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৩৪৫.৭১ ডলারে পৌঁছেছে। এর আগে সোমবারের লেনদেনে স্বর্ণের দাম দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।
অন্যদিকে, আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৩৭০.৮০ ডলারে দাঁড়িয়েছে।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল না হওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বজায় রয়েছে। পাশাপাশি, বৈশ্বিক মূল্যস্ফীতি ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তও আগামী দিনগুলোতে স্বর্ণবাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।