

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (ডামুড্যা–গোসাইরহাট–ভেদরগঞ্জ) আসনের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তিনি ৩২নং কোদালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
ভোটকেন্দ্রে প্রবেশের আগে সাধারণ ভোটারদের মতোই লাইনে দাঁড়িয়ে নিজের সিরিয়াল অনুযায়ী ভোট প্রদান করেন অপু। এ সময় কেন্দ্র প্রাঙ্গণে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। কেন্দ্রজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অপু বলেন, দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে সত্যিই আনন্দিত। শেষ কবে ভোট দিয়েছিলাম, সেটাও মনে নেই। সাত বছর নির্বাসন ও আট বছর কারাবরণের কারণে সাধারণ মানুষের মতো আমিও ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। তবে আজ পরিবারকে সঙ্গে নিয়ে ভোট দিতে পেরেছি এটা আমার জন্য বিশেষ আনন্দের।
তিনি আরও বলেন, আজ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ঈদের আমেজ বিরাজ করছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসছে। ভবিষ্যতেও যেন এমন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ধারা অব্যাহত থাকে, সেই প্রত্যাশা করছি।
এ সময় তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। ভোটগ্রহণ কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
সকালের দিকে নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই পরিবার-পরিজন নিয়ে কেন্দ্রে এসে ভোট দেন। দীর্ঘদিন পর অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ ফিরে আসায় ভোটারদের মধ্যেও ছিল বাড়তি।