

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পারিবারিক কলহ ও দুধের পাল্লা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পেদা কান্দি এলাকার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহতদের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। এর মধ্যে গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আহতদের মধ্যে মোতালেব পেদা (৮০), মোশারফ পেদা (৭৫), সনিয়া আক্তার (৪০) ও এসকান্তর পেদা রয়েছেন। অপরদিকে আমজাদ পেদা (৬০), মনির হোসেন পেদা (৫০) ও সোহাগ পেদাও আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী বাবুল পেদা জানান, পারিবারিক বিষয় ও দুধের পাল্লা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয়পক্ষের কয়েকজন আহত হন।
শাহাজালাল পেদা নামে একজন বলেন, আমাদের বাড়ির সামনে দুধের পাল্লা চলে। সেখনে মোতালেব পেদার ছোট ভাইয়ের সঙ্গে আমার বাবার তর্ক হয়। একপর্যায়ে তার পক্ষ থেকে আমাদের ওপর হামলা করা হয়। এখন বর্তমানে আমাদের পরিবারের তিনজন ভেদরগঞ্জ ও ঢাকায় চিকিৎসার রয়েছেন।
এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ মুহিদুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।