

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের তুলোধনা হাট ইজারাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন হাটের দরপত্র দাখিলের সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দরপত্রে হাট না পাওয়ায় হাট ইজারাদার মালিক ওবায়দুল হাসান তপুর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছেন মো. রাকিবুর রহমান রাজা। রাকিবুর রহমান নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
এ বিষয়ে রাকিবুর রহমান রাজা মুঠোফোনে কালবেলাকে বলেন, আমি ৫ লাখ টাকা চেয়েছি এটা সত্য, তবে কোনো চাঁদা দাবি করা হয়নি। গত বছর তপুর সঙ্গে আমার পুকুরের ব্যবসা চলছিল। সে বছর ব্যবসার ৫ লাখ টাকা তার কাছে আমার পাওনা ছিল। ওই পাওনা টাকা চাইলে তিনি আমার কাছে বেশ কয়েকবার সময় নেন কিন্তু টাকা পরিশোধ করেননি। ফোন দিলেও তাকে পাওয়া যায়নি। এমতাবস্থায় আমি নিরুপায় হয়ে সবার উপস্থিতিতে সেই পাওনা ৫ লাখ টাকা চেয়েছি মাত্র। পাওনা টাকা চাওয়ায় তিনি সবাইকে আমার নামে চাঁদার অভিযোগ তুলেছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
হাট ইজারাদার মালিক তপু উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সহ-সভাপতি দাবি করে মুঠোফোনে কালবেলাকে বলেন, তার সঙ্গে আমার কোনো ব্যবসায়িক লেনদেন নেই। আমি ও যুবদল নেতা দুইজনই তুলোধনা হাটের দরপত্র নিই। এতে আমার ওপর ক্ষিপ্ত হন যুবদলের সেই নেতা। দরপত্র জমাদান শেষে আমি সেই হাট পেয়ে যাই। পরে উপজেলা চত্বরে যুবদল নেতা রাজা চিৎকার করে আমার কাছে ৫ লাখ টাকা চান। যা অনেকেই শুনেছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান বলেন, এ বিষয়ে থানাতে কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।