

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মিষ্টি উপহার ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫/১১ সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বিনিময়কালে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলাউদ্দিন মন্ডল ভারতের ৭৯ বিএসএফ ব্যাটালিয়নের ইনস্পেক্টর রহিত শর্মার হাতে চার প্যাকেট মিষ্টি তুলে দেন। এসময় সৌজন্য হিসেবে বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে সমপরিমাণ মিষ্টি উপহার দেওয়া হয়। এছাড়া দুই দেশের সদস্যরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে বিজিবির পক্ষে আইসিপি চেকপোস্টের পোস্ট কমান্ডার মীর হোসেন এবং বিএসএফের চেকপোস্ট কমান্ডার অতুলসহ উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে দায়িত্ব পালনরত দুই দেশের বাহিনীর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক, আস্থা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে প্রতিবছর বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবে এ ধরনের সৌজন্যমূলক আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ঈদুল ফিতর উপলক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হলো।