

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক শিক্ষার্থীর ওপর স্থানীয় সিএনজিচালকের হামলার ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক সিএনজিচালকের নাম মোহাম্মদ হাসান। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা।
চাকসু ও পুলিশ সূত্রে জানা গেছে, অতিরিক্ত ভাড়া দাবি করার প্রতিবাদ করলে ২০১৮-১৯ সেশনের মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসানের ওপর হামলা চালায় ওই সিএনজিচালক। হামলার পর পালিয়ে গেলেও আজ নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তবে, এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি।
চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি, তাকে তার বাড়ির আশপাশ থেকেই আটক করা হয়েছে। যেহেতু এখনো তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি, আমরা চাই দ্রুত তাকে আদালতে সোপর্দ করা হোক। প্রশাসনের পক্ষ থেকেই মামলাটি করা হোক এটাই আমাদের দাবি।
হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান বলেন, অভিযুক্ত মোহাম্মদ হাসানকে আটক করা হয়েছে। বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা এলে জানাতে পারব। এখনো তার বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি।