

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষকদের থেকে উপাচার্য নিয়োগের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভের অংশ হিসেবে অবরোধ কর্মসূচী পালন করেন তারা।
শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর ডুয়েট কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা নতুন ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ব্যানার টানিয়ে দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে নিয়োগ দেয় সরকার। এরপর থেকেই বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা।
এদিকে শিক্ষার্থীরা জুমার নামাজের পর ডুয়েট সংলগ্ন ঢাকা শিমুলতলী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে বেলা পৌনে ৩টার দিকে শিক্ষার্থীরা সড়কের অবরোধ ছেড়ে দিয়ে ক্যাম্পাসে ফিরে গেলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থীরা বলেন, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে অভ্যন্তরীণ শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা বেশি। তাই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, গবেষণা কার্যক্রম ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া প্রয়োজন।
তারা বলেন, অন্য বিশ্ববিদ্যালয় থেকে কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ডুয়েটে শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠান থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন। একই দাবিতে তারা ঢাকা শিমুলতলী সড়কে অবস্থান নিয়েছিলেন। বেলা পৌনে ৩টার দিকে তারা কর্মসূচি শেষ করে ক্যাম্পাসে ফিরে গেছেন।