

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে আগামী চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
জানা গেছে, প্রফেসর ড. হেমায়েত জাহান ১৯৯২ সালে পটুয়াখালীর লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯৪ সালে পটুয়াখালী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। পরে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর প্রাণীবিদ্যা বিভাগ থেকে ১৯৯৮ সালে স্নাতক এবং ১৯৯৯ সালে কীটতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উভয় পরীক্ষাতেই তিনি প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। পরবর্তীতে ২০১৩ সালে Kyungpook National University থেকে কীটতত্ত্ব বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
শিক্ষকতা জীবনে তিনি ২০০৪ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর কীটতত্ত্ব বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে অধ্যাপক (গ্রেড-১) হিসেবে কর্মরত রয়েছেন।
প্রশাসনিক দক্ষতা ও অ্যাকাডেমিক নেতৃত্বেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া মেরিন ফিশারিজ অ্যান্ড ওশেনোগ্রাফি, ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট, মানব পুষ্টি ও খাদ্যতত্ত্ব এবং বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি ২০০৬-২০০৮ সময়ে উপাচার্যের পিএস (অতিরিক্ত দায়িত্ব), ২০১৮-২০২০ সময়ে কীটতত্ত্ব বিভাগের চেয়ারম্যান এবং ২০১৮ সাল থেকে অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বও পালন করেন।
বিশ্ববিদ্যালয় রাজনীতিতেও তিনি সক্রিয় ছিলেন। অতীতে তিনি বিএনপি-সমর্থিত সাদা দলের দুইবার সাধারণ সম্পাদক ও একবার সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া University Teachers Association of Bangladesh (ইউট্যাব)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। বর্তমানে তিনি ইউট্যাব পবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।