

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেছেন, শাসনব্যবস্থা যদি আগের মতোই থাকে এবং কেবল ক্ষমতার হাতবদল হয়, তবে জুলুমতন্ত্র চলতেই থাকবে। এই অচলায়তন ভাঙতে বাংলাদেশের তরুণ সমাজকে সিদ্ধান্ত নিতে হবে। তরুণরা ঐক্যবদ্ধ হলে অনতিবিলম্বে বাংলাদেশ সব ধরনের জুলুম ও বৈষম্য থেকে মুক্তি পাবে।
রোববার (৮ মার্চ) ঢাকা কলেজের শহীদ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ‘ইয়াওমে বদর: ইফতার ও প্রেরণা’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা।
একটি মানবিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে সিবগাতুল্লাহ সিবগা বলেন, আমরা এমন একটি সুন্দর সমাজ চাই যেখানে প্রতিটি মানুষ নিরাপদে ও সম্মানের সঙ্গে বসবাস করবে। অথচ আমরা দেখছি বনানীতে শিশু গৃহকর্মীকে ছাদ থেকে ফেলে হত্যা করা হচ্ছে, দেশজুড়ে একের পর এক ধর্ষণ ও অন্যায়ের ঘটনা ঘটছে। আন্তর্জাতিক অঙ্গনেও মানুষের ওপর জুলুম ও বঞ্চনা চাপিয়ে দেওয়া হচ্ছে।
ফ্যাসিবাদী কাঠামো ভাঙতে তরুণদের সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের তরুণেরা নতুন এক দেশ গড়ার জন্য বদ্ধপরিকর। জুলাই বিপ্লবে রাজপথে নেমে এই তরুণরাই দীর্ঘদিনের চেপে বসা ফ্যাসিবাদী শাসনকে বিতাড়িত করেছে। সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রবীণদের গতানুগতিক চিন্তার বাইরে এসে তরুণদের ঐক্যবদ্ধ হওয়া এবং সামনে এগিয়ে আসা এখন সময়ের দাবি।
আন্দোলন-সংগ্রামে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ঐতিহ্যের কথা স্মরণ করে শিবির সেক্রেটারি জেনারেল বলেন, দেশের প্রতিটি লড়াই ও সমাজ পরিবর্তনে এই কলেজের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামীতে দেশের যেকোনো সংকট বা সম্ভাবনায় ঢাকা কলেজের ছাত্ররা বরাবরের মতোই সামনের সারিতে থাকবে বলে আমরা বিশ্বাস করি।
অনুষ্ঠানে ঢাকা কলেজ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।