

স্কুল ফিডিং (মিড ডে মিল) প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের পচা খাবার সরবরাহের জড়িত থাকার দায়ে মাদারীপুর সদর উপজেলা থেকে এএফএম আহসানুল হাবিব (৫১) ও মো. নুরুজ্জামান (৪৩) নামের ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সমতা ট্রেডার্স নামক প্রতিষ্ঠান দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাদ্য সরবরাহ কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন।
সোমবার (৮ জুন) এক বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, বোরবার (৭ জুন) তাদের গ্রেপ্তার করা হয়েছে। নিম্নমানের খাবার সরবরাহের পর তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নষ্ট ও খাবার অযোগ্য খাদ্যসামগ্রী সরবরাহের ঘটনায় তাদের ভূমিকা ও দায়-দায়িত্বের প্রাথমিক সত্যতা পাওয়ায় মাদারীপুর সদর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এএফএম আহসানুল হাবিবের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ও মো. নুরুজ্জামানের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। অনিয়মে জড়িত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার প্রেক্ষিতে পুলিশ তাদের গ্রেপ্তার করে। মাদারীপুর পৌরসভাস্থ চাঁদমারি এলাকা হতে তাদের গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা মাদারীপুর সদর থানার এসআই সালমান রহমান বলেন, ‘উপজেলার পোকরার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের খাবার সরবরাহ করেছিল। ওই খাবার খেয়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে প্রধান শিক্ষক থানায় লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগ তদন্ত করে পচা খাবার সরবরাহের প্রমাণ পাওয়া যায়। পরে অভিযুক্ত দুইজনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’
উল্লেখ্য, মাদারীপুর সদর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কয়েকটি স্কুলে মিড ডে মিলের খাবার খেয়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়। এরপর সরকার এ বিষয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে কমিটি গঠনের জন্য চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের জেলা প্রশাসককে অনুরোধ করেন। তিনি অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানান।