

বাজারে নকল ও মানহীন খাদ্য পণ্যের বিপণন বন্ধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অভিযান অপ্রতুল উল্লেখ করে এর কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
মঙ্গলবার (০৯ জুন) ক্যাবের একটি প্রতিনিধিদল বিএসটিআই’র নবনিযুক্ত মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে করে এ দাবি জানায়।
ক্যাবের তথ্য কর্মকর্তা আনোয়ার পারভেজের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, সাক্ষাৎকালে ক্যাব নেতৃবৃন্দ বাজারে নকল, ভেজাল, মানহীন খাদ্য পণ্যের বিপণন বন্ধে বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালথ, বাজার সার্ভিল্যান্স ও তদারকি প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানান।
তারা বিএসটিইকে বাজারে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বৃদ্ধি, ওজন ও পরিমাপ যন্ত্রের ভ্রাম্যমাণ পরীক্ষণের সংখ্যা বাড়ানোর বিষয়ে ব্যবসায়ী, ভোক্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও সচেতনতা সভার সংখ্যা বাড়ানোসহ ভোক্তার স্বার্থ সুরক্ষায় তৎপরতা আরও জোরদারের আহবান জানান।
ক্যাব নেতৃবৃন্দ আরও বলেন, ‘মানসম্মত ও নিরাপদ খাদ্যপণ্য নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধি, বিভাগীয় ও জেলা পর্যায়ে বাজার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মনিটরিং ও তদারকি কার্যক্রমে সহযোগিতা বাড়ানো, নকল ও ভেজালবিরোধী উদ্যোগ জোরদার, ভোক্তার স্বার্থ সুরক্ষায় প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম গ্রহণ এবং তথ্যভিত্তিক উদ্যোগ যৌথভাবে বাস্তবায়নের মাধ্যমে ভোক্তা অধিকার সুরক্ষা ও ন্যায্য বাজার ব্যবস্থা প্রতিষ্ঠায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে।’
এসময় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার ও মো. মাহবুবুল ইসলাম, উপ-পরিচালক এস এম আবু সাঈদ, মোহাম্মদ আরাফাত হোসেন সরকার ও মো. মাসুদ আল মামুন উপস্থিত ছিলেন।
অন্যদিকে ক্যাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি এস এম নাজের হোসাইন, ক্যাবের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও ক্যাবের নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, ক্যাব চট্টগ্রামের সদস্য ফয়সল আবদুল্লাহ আদনান ও তথ্য কর্মকর্তা আনোয়ার পারভেজ।