

‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বন্দিদের মাঝে দেশীয় মৌসুমী ফল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৯ জুন) সকালে এই ফল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, বন্দিদের শারীরিক সুস্থতা, পুষ্টি নিশ্চিতকরণ এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচির আওতায় বন্দিদের মধ্যে লিচু, কাঁঠালসহ বিভিন্ন মৌসুমী ফল বিতরণ করা হয়।
কারা কর্তৃপক্ষের মতে, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, মানবিক ও কল্যাণমুখী পরিবেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। এ লক্ষ্যে ভবিষ্যতেও বন্দিদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।
এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ বলেন, বন্দিদের জন্য মৌসুমী ফল বিতরণ কর্মসূচি আমাদের মানবিক ও কল্যাণমুখী কার্যক্রমেরই অংশ। কারাগারে অবস্থানরত প্রত্যেক বন্দির স্বাস্থ্য, পুষ্টি ও মানসিক সুস্থতার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। সেই লক্ষ্য থেকেই দেশীয় মৌসুমী ফল বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, বন্দিদের প্রতি সহানুভূতিশীল ও ইতিবাচক আচরণ তাদের মানসিক পরিবর্তন ও পুনর্বাসনের পথে সহায়ক ভূমিকা রাখে। কারাগার শুধুমাত্র শাস্তির স্থান নয়, এটি সংশোধন ও পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই বন্দিদের মধ্যে মানবিক মূল্যবোধ, সুস্থতা ও আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে নিয়মিত বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।