

ফ্লোরেন্তিনো পেরেজ আরও একবার রিয়াল মাদ্রিদের সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন। আর এই জয়ের সঙ্গেই স্প্যানিশ জায়ান্টদের ডাগআউটে হোসে মরিনহোর ফেরার বিষয়টি চূড়ান্ত হতে যাচ্ছে। আগামী ২০৩০ সাল পর্যন্ত ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন পেরেজ। গত মাসেই রিয়ালের সঙ্গে তিন বছরের চুক্তি সই করেছিলেন ৬৩ বছর বয়সী মরিনহো।
তবে শর্ত ছিল, পেরেজ সভাপতি পদে বহাল থাকলেই কেবল এই চুক্তিটি কার্যকর হবে। পেরেজের পুনর্নির্বাচনের পর এখন মরিনহোর প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়াটা কেবলই আনুষ্ঠানিকতা। গত মাসে এক জরুরি সংবাদ সম্মেলনে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন ৭৯ বছর বয়সী ফ্লোরেন্তিনো পেরেজ। নির্বাচনে মোট ভোটের ৬৫ শতাংশ পেয়ে নিজের ক্ষমতা ধরে রেখেছেন ২০০৯ সাল থেকে দায়িত্বে থাকা এই সভাপতি।
২০ বছরের মধ্যে এই প্রথম রিয়ালের সভাপতি নির্বাচনে পেরেজকে কোনো প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হয়েছিল। তার বিপক্ষে দাঁড়িয়েছিলেন নবায়নযোগ্য শক্তি খাতের সফল ব্যবসায়ী এনরিক রিকেলমে। তবে পেরেজের অভিজ্ঞতার কাছে তিনি পাত্তাই পাননি। ব্যালট ও ডাকযোগে পড়া ভোটের শতভাগ গণনা শেষে দেখা যায়, পেরেজ পেয়েছেন ২১ হাজার ৭৪১ ভোট। অন্যদিকে রিকেলমে পেয়েছেন ১১ হাজার ৮১৪ ভোট (৩৫ শতাংশ)।
বিপুল ভোটে জয়ের পর পেরেজ বলেন, ‘আমরা নির্বাচনে জিতেছি এবং শিরোপা জয়ের ধারা বজায় রাখতে আমাদের কাজ করে যাব। আমি এখানেই আছি এবং রিয়াল মাদ্রিদকে রক্ষা করতেই আমি এখানে আছি।’
ক্লাবের সমর্থকদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, ‘আমরা আমাদের কাজ চালিয়ে যাব যেন রিয়াল মাদ্রিদ ট্রফি জেতা বজায় রাখতে পারে। ১৬তম ইউরোপিয়ান কাপ (চ্যাম্পিয়ন্স লিগ) জয়ের জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই করব।’
বিশ্বের সেরা স্টেডিয়াম হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুকে গড়ে তোলা এবং বিশ্বের সেরা খেলোয়াড়দের দলে রাখার গৌরব ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন পেরেজ। একই সাথে মরিনহোকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘হোসে মরিনহোর মতো একজন খাঁটি মাদ্রিদিস্তা এবং বিশ্বের অন্যতম সেরা কোচকে আবারও ক্লাবে ফিরিয়ে আনতে পেরে আমরা গর্বিত। আর নিশ্চিত থাকুন, আমি সভাপতি থাকা অবস্থায় রিয়াল মাদ্রিদ সবসময় এর সদস্যদের মালিকানায় ছিল, আছে এবং থাকবে।’
নির্বাচনে জেতার পর পেরেজ আরও একটি বড় ঘোষণা দিয়েছেন। পুনর্বার দায়িত্ব পেলে রেকর্ড দলবদল ফির বিনিময়ে একজন ‘শীর্ষ তারকা’ খেলোয়াড়কে দলে ভেড়ানোর যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা পূরণের ইঙ্গিত দিয়েছেন। তবে সেই ফুটবলারের নাম এখনো প্রকাশ করেননি তিনি।
অন্যদিকে, পর্তুগিজ ক্লাব বেনফিকার কোচের দায়িত্ব ছেড়ে রিয়ালে যোগ দিচ্ছেন হোসে মরিনহো। গত বছরের সেপ্টেম্বরে বেনফিকার দায়িত্ব নিয়ে দলটিকে পর্তুগিজ লিগে (প্রাইমেইরা লিগা) তৃতীয় স্থানে রেখে মরিসন মৌসুম শেষ করেছেন।
এর আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে ছিলেন এই ‘স্পেশাল ওয়ান’। সেই দফায় রিয়ালকে তিনি লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জিতিয়েছিলেন।
রিয়াল মাদ্রিদে মরিনহো স্থলাভিষিক্ত হচ্ছেন আলভারো আরবেলোয়ার। গত জানুয়ারিতে জাবি আলোনসো কোচের পদ ছাড়ার পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়েছিলেন আরবেলোয়া। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ মৌসুমটি রিয়াল মাদ্রিদের জন্য একেবারেই হতাশাজনক কেটেছে।