

ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েও চোটের কারণে ছিটকে গেছেন ওয়েসলি। তার পরিবর্তে মিডফিল্ডার এদেরসন সিলভার নাম চূড়ান্ত করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
বন্ধুর বিয়ের অনুষ্ঠানে থাকতেই অপ্রত্যাশিতভাবে ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ পেলেন ২৬ বছর বয়সী মিডফিল্ডার এদেরসন।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গে-র প্রতিবেদনে বলা হয়, শুরুতে আনচেলত্তির ২৬ সদস্যের চূড়ান্ত দলে সুযোগ না পেয়ে জন্মস্থান ব্রাজিলের মাতো গ্রোসো দো সুল অঙ্গরাজ্যের কাম্পো গ্রান্দেতে ছুটি কাটাতে গিয়েছিলেন এদেরসন। স্থানীয় সময় শনিবার রাতে তিনি এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানেও অংশ নেন। ওই অনুষ্ঠানে যাওয়ার সময় নিজের পাসপোর্টও সঙ্গে নিয়ে যাননি এদেরসন।
রোববার সকালে হঠাৎ ব্রাজিল ফুটবল কনফেডারেশন থেকে তার কাছে ফোন আসে। এদেরসনকে জানানো হয়, তিনি বিশ্বকাপ দলে যুক্ত হয়েছেন। খবরটিতে খুশির পাশাপাশি বিপাকেও পড়েন তিনি। কারণ তার পাসপোর্ট ছিল রিও ডি জেনেইরোতে।
পরে এক বন্ধুকে অনুরোধ করেন, তার পাসপোর্টটি সাও পাওলোতে পৌঁছে দিতে। সেখান থেকেই নিউ জার্সির বিমানে উঠে ব্রাজিল দলের সঙ্গে যোগ দেওয়ার কথা এদেরসনের। স্থানীয় সময় সোমবার সকালে ব্রাজিলের দলের সঙ্গে যোগ দিয়ে বিকেলে অনুশীলনে অংশ নেবেন তিনি।