

বিশ্বকাপ শুরুর আগে নিজেদের সম্ভাবনা নিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন পর্তুগালের ডিফেন্ডার রেনাতো ভেইগা। তার মতে, পর্তুগাল অবশ্যই শিরোপা জয়ের দাবিদারদের মধ্যে একটি দল, তবে তাদের ফেভারিট বলা ঠিক হবে না।
আগামী ১৭ জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া। এর আগে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে রবার্তো মার্তিনেজের দল।
বিশ্বকাপ ইতিহাসে এখনো শিরোপার স্বাদ পায়নি পর্তুগাল। ১৯৬৬ সালে তৃতীয় হওয়াই তাদের সেরা সাফল্য। আর ২০২২ কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোদের।
তবে এবার শক্তিশালী দল নিয়েই উত্তর আমেরিকার বিশ্বকাপে যাচ্ছে পর্তুগাল। অপ্টার সুপারকম্পিউটারের হিসাবেও শিরোপা জয়ের সম্ভাবনায় তারা পঞ্চম স্থানে রয়েছে।
এই প্রসঙ্গে ভেইগা বলেন, `পর্তুগালের মান নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা ফেভারিট নই, তবে অবশ্যই শিরোপার দাবিদার। আপাতত নিজেদের সেই অবস্থানেই দেখছি।'
দলে অভিজ্ঞতা ও তারুণ্যের দুর্দান্ত মিশেল রয়েছে বলে মনে করেন ভিয়ারিয়াল ডিফেন্ডার। ছয় নম্বর বিশ্বকাপ খেলতে যাওয়া অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর পাশাপাশি আছেন দুর্দান্ত ফর্মে থাকা ব্রুনো ফার্নান্দেজও। গত মৌসুমে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ ২১ অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।
এছাড়া নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া ও গনসালো রামোসের মতো ফুটবলাররা পিএসজির হয়ে লিগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে আসছেন।
ভেইগার মতে, দলের সবচেয়ে বড় শক্তি ড্রেসিংরুমের পরিবেশ। তিনি বলেন, `আমাদের ড্রেসিংরুমই সবচেয়ে বড় সম্পদ। সবাই একে অপরকে সাহায্য করে, পরিবেশ দারুণ। মাঠে নিজেদের সেরাটা দেওয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ।'
তিনি আরও যোগ করেন, `দলের ভেতরে প্রতিযোগিতা থাকলেও আসল লড়াইটা প্রতিপক্ষের বিপক্ষে। যে-ই খেলুক, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে।'
বিশ্বকাপের আগে চিলির বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে পর্তুগাল। সেই আত্মবিশ্বাস নিয়েই শিরোপার স্বপ্ন দেখছে ইউরোপের দলটি।