

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে নাটকীয় জয় পেয়েছে নেদারল্যান্ডস। কোডি গাকপোর জোড়া পেনাল্টি গোলে উজবেকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে রোনাল্ড কোমানের দল।
নিউইয়র্কের আইকান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিজের ৫০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে দলের নায়ক বনে যান গাকপো। নির্ধারিত সময়ের শেষ দিকে একাধিক নাটকীয় ঘটনায় জমে ওঠে ম্যাচটি।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেদারল্যান্ডস। তবে ডনিয়েল মালেনসহ ডাচ ফরোয়ার্ডরা একের পর এক সুযোগ নষ্ট করায় গোলের দেখা পাচ্ছিল না তারা। অবশেষে ৩২তম মিনিটে ক্রিসেন্সিও সামারভিলকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় নেদারল্যান্ডস। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন গাকপো।
বিরতির পরও একাধিক সুযোগ তৈরি করে ডাচরা। ভার্জিল ফন ডাইকের হেড অল্পের জন্য বাইরে চলে যায়, আর ব্রায়ান ব্রবির একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।
ম্যাচের ৮৭তম মিনিটে বিপাকে পড়ে নেদারল্যান্ডস। গোলরক্ষকের বাইরে এসে বল হাতে স্পর্শ করায় লাল কার্ড দেখেন গুইস টিল। ভিএআর পর্যালোচনার পর তাকে মাঠ ছাড়তে বলেন রেফারি।
একজন বেশি খেলোয়াড়ের সুবিধা কাজে লাগিয়ে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সমতায় ফেরে উজবেকিস্তান। ইগর সের্গেইভ কাছ থেকে বল জালে পাঠিয়ে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন।
তবে শেষ হাসি হেসেছে নেদারল্যান্ডসই। ম্যাচের ৯৮তম মিনিটে কর্নার থেকে আসা বলে বক্সের মধ্যে ফাউলের শিকার হন ইয়ান পল ফান হেকে। পেনাল্টি পায় ডাচরা। আবারও স্পটকিক নিতে এসে ভুল করেননি গাকপো। তার জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে নেদারল্যান্ডস।
এদিকে বিশ্বকাপ শুরুর আগে আরেকটি দুশ্চিন্তায় পড়েছে ডাচ শিবির। দ্বিতীয়ার্ধে চোট নিয়ে মাঠ ছাড়েন গোলরক্ষক বার্ট ফেরব্রুগেন। তার চোটের অবস্থা এখনো জানা না গেলেও বিশ্বকাপের আগে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
আগামী রোববার জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নেদারল্যান্ডস।