

মংলা ইপিজেডে অবস্থিত শতভাগ রপ্তানিমুখী ভোজ্য তেল পরিশোধকারী প্রতিষ্ঠান এসজি অয়েল রিফাইনারিজ লিমিটেড ভোজ্য তেল রপ্তানির পরিধি সম্প্রসারণের লক্ষ্যে ভারতের আমদানিকারক প্রতিষ্ঠান কেএসটিছি এগ্রোট্রেড প্রাইভেট লিমিটেড এর সঙ্গে একটি সমঝোতা (এমওইউ) স্বাক্ষর করেছে।
চুক্তি অনুযায়ী, প্রতি বছরে প্রায় ১২০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ভোজ্য তেল অগ্রিম টি.টি. পরিশোধের বিপরীতে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মাধ্যমে বিপুলসংখ্যক ফরেন ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট (ঋউও) নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।
এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে ভারতীয় প্রতিষ্ঠান কে. এস.টি. ছি এগ্রোট্রেড প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে কোম্পানির পরিচালক উপস্থিত ছিলেন।
এসজি অয়েল রিফাইনারীজ লিমিটেড এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সারোয়ার জাহান তালুকদার, ব্যবস্থাপনা পরিচালক ওয়াহেদুজ্জমান আহমেদ লেলিন, প্রধান পরিচালক কর্মকর্তা শফিউল আজম তালুকদার, ব্যবস্থাপক মো. তানিমুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক আতিকুর রহমান এবং সহ-কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, এই সমঝোতা স্মারক দেশের রপ্তানি খাতকে আরও শক্তিশালী করার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে সহায়ক হবে ও সংশ্লিষ্ট কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভোজ্য তেল শিল্পের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।