

সারা বিশ্ব যখন ফুটবল জ্বরে আক্রান্ত, তখন সেই উন্মাদনার রেশ লেগেছে দেশের শোবিজ অঙ্গনেও। বিশ্বকাপ ঘিরে প্রিয় দলের জয়-পরাজয়, তারকা খেলোয়াড়দের পারফরম্যান্স এবং নানা ভবিষ্যদ্বাণী নিয়ে সরব বিনোদন জগতের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে আড্ডার টেবিল— সবখানেই চলছে ফুটবল নিয়ে আলোচনা। প্রিয় দলকে সমর্থন জানাতে কেউ করছেন পোস্ট, কেউবা অংশ নিচ্ছেন মজার তর্কে। বিশ্বকাপের এই উন্মাদনায় শামিল হয়ে নিজেদের ফুটবলপ্রেমের গল্পও ভাগ করে নিচ্ছেন শোবিজ তারকারা। শুধু তাই নয়, নির্মিত হচ্ছে নাটকও।
সেই ধারাবাহিকতায় ফুটবল উন্মাদনাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে নতুন আরও একটি নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’। নাটকটি পরিচালনা করেছেন ইফতেখার ইফতি। রচনা ও চিত্রনাট্য করেছেন বিশ্বজিৎ কুরি জিতু। চিত্রগ্রাহক হিসেবে আছেন সুজন মেহমুদ, সম্পাদনায় আতিক রহমান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কামরুল তিহান, ডিম্পল আহমেদ, শাহিন মৃধা, সাহেলা আক্তার, ফারহান আক্তার, সাবরিন মুলিমাসহ অনেকে।
নাটকের কাহিনিতে দেখা যাবে একটি পরিবারের ভেতরের মজার দ্বন্দ্ব। পরিবারের জামাই ও শ্বশুর আর্জেন্টিনার সমর্থক, অন্যদিকে স্ত্রী ও শাশুড়ি ব্রাজিলের সমর্থক। এ ছাড়া কিছু ‘গোপন সমর্থক’ চরিত্রও গল্পে রয়েছে, যারা পরিস্থিতিকে আরও জটিল ও হাস্যরসাত্মক করে তোলে। সব মিলিয়ে শুরু হয় এক পারিবারিক ‘ফুটবল যুদ্ধ’, যেখানে হাসি, দ্বন্দ্ব ও আবেগ একসঙ্গে প্রকাশ পায়। নির্মাতারা জানিয়েছেন, নাটকটি শিগগির দর্পণ অরিজিনাল ড্রামা চ্যানেলে প্রচারিত হবে।