

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনায় অংশ নিতে রওনা হচ্ছেন না বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। আজ শুক্রবার রাতে তার রওনা দেওয়ার কথা ছিল। খবর আল-জাজিরার।
হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, ইরান-সম্পর্কিত আসন্ন কারিগরি (টেকনিক্যাল) আলোচনার পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। তবে আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদল প্রস্তুত রয়েছে এবং সুযোগ পেলেই যাত্রা করবে।
মুখপাত্র বলেন, ভাইস প্রেসিডেন্ট তাঁর সংবাদ সম্মেলনে যেমন বলেছেন আমরা তেমনিই বলছি, আসন্ন টেকনিক্যাল আলোচনার পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল প্রথম সুযোগেই রওনা হওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, তবে এই ধরনের আলোচনার লজিস্টিক ব্যবস্থা কখনোই সহজ বা পুরোপুরি পূর্বানুমানযোগ্য নয়। বর্তমান পরিস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট আজ রাতে রওনা হচ্ছেন না।
পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সুনির্দিষ্ট সিদ্ধান্ত হলে তা দ্রুত জানানো হবে বলেও উল্লেখ করেছে হোয়াইট হাউস।
এই ঘোষণার ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনা কবে এবং কীভাবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে অনিশ্চয়তা আরও কিছুটা বেড়েছে।