কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৩ জুন ২০২৬, ০৮:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

রাজপথে সতর্ক থাকবে ফ্যাসিবাদবিরোধীরা

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে কোনো কর্মসূচি নেই। আওয়ামী লীগ যদি প্রকাশ্যে এসে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি করে বা উসকানিমূলক কর্মকাণ্ডে জড়ায়, তা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে

রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব

কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ ২৩ জুন। এ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দলটির নেতাকর্মীরা যাতে মাঠে বা রাজপথে কর্মসূচির নামে নাশকতা ও কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, সে জন্য দেশব্যাপী সতর্ক অবস্থানে থাকবে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো। সরকারি দল বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা আলাদাভাবে রাজপথে অবস্থান করবেন। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচির ঘোষণা দেয়নি বিএনপি। তবে জামায়াত, এনসিপিসহ ১১ দলীয় ঐক্য আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে সমাবেশ করবে। এ ছাড়া দেশের সব জেলা ও মহানগরে আজ বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি।

অন্যদিকে, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত এড়াতে রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম জেলায় সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২২-৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী এই ছয় জেলায় মোতায়েন থাকবে এবং তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার।

বিএনপির একাধিক সিনিয়র নেতা বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। দলটির নেতাকর্মীরা কোনো নাশকতা করার চেষ্টা করলে তাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে। দলীয়ভাবে এখনো কোনো কর্মসূচি নেওয়া হয়নি। তারপরও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা সর্তক অবস্থানে থাকবেন।

জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের প্রস্তুতি বা কর্মসূচি নেই। আওয়ামী লীগ যদি প্রকাশ্যে এসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি করে বা উসকানিমূলক কর্মকাণ্ডে জড়ায়, তা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, পুলিশ, বিজিবিসহ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যথাযথ ব্যবস্থা নেবে।

তিনি বলেন, আওয়ামী লীগ বেআইনি একটা দল। তাই যে কোনো বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধ করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। তারা তাদের দায়িত্ব পালন করবে।

অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। আজ মঙ্গলবার জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর এলাকায় এই কর্মসূচি পালন করবেন সংগঠনটির নেতাকর্মীরা। গতকাল সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের শীর্ষ নেতাদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, তারা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে কীভাবে? তারপরও আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামার চেষ্টা করলে জনগণ তাদের প্রতিহত করবে। আমাদের নেতাকর্মীরা সর্তক অবস্থানে থাকবেন।

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আলাপকালে জানা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যে কোনো ধরনের উসকানি বা নাশকতা প্রতিরোধে সকাল থেকেই রাজপথে সক্রিয় থাকবেন তারা। বিশেষ করে রাজধানী ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দলটির নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবেন। এরই অংশ হিসেবে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পুরানা পল্টন-বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ।

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রতিমন্ত্রী নুরুল হক নুর ফেসবুক এক পোস্টে লিখেন, শুধু সরকারের পদক্ষেপ যথেষ্ট নয়, মাথাচাড়া দেওয়া ফ্যাসিবাদ রুখতে জুলাইয়ে ঐক্যবদ্ধ শক্তির সমন্বিত কর্মসূচি থাকা উচিত। ফ্যাসিবাদ প্রশ্নে জুলাই জাগ্রত থাকুক।

২৩ জুনের সম্ভাব্য সহিংসতা রোধে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।

ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশ একটি স্থিতিশীল পরিস্থিতির দিকে যাচ্ছে। দেশ গঠনের কাজ চলছে। এ সময়ে জাতি আর কোনো অস্থিরতা চায় না। তাই পরাজিত স্বৈরশক্তি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যে সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে সে বিষয়ে জাতিকে সতর্ক থাকতে হবে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, উৎখাতের দুই বছর পরও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা করার সক্ষমতা আছে কি না তা প্রশ্ন সাপেক্ষ বিষয়। যে শক্তি রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় জনতার রোষে উৎখাত হয়েছে, সেই শক্তি মোকাবিলায় এখন সেনা দরকার আছে বলে মনে করি না।

আজ ঢাকায় সমাবেশ করবে ১১ দল

আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে আজ মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এদিন বিকেল ৫টায় বিজয়নগরে এ সমাবেশ হবে। এতে ১১ দলীয় ঐক্য শীর্ষ নেতারা বক্তব্যে রাখবেন। গতকাল সোমবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ‘১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক’ শেষে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে এক প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, কোনো দলের বিরুদ্ধে ১১ দলের কর্মসূচি নেই। যদি কেউ ঘোষণা দিয়ে কর্মকাণ্ড চালায়, সেটি দেখার দায়িত্ব সরকারের। সরকার যেন এ ধরনের অপতৎপরতা বন্ধ করে। ফ্যাসিবাদের উত্থান সরকার না ঠেকাতে পারলে ১১ দল দেশবাসীকে সঙ্গে নিয়ে তা রুখে দেবে।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ বলেন, বিচারপ্রক্রিয়ায় শিথিলতার কারণে ফ্যাসিবাদের উত্থানের পদধ্বনি শোনা যাচ্ছে। বিভিন্ন জায়গায় উত্তেজনা তৈরি হচ্ছে, হামলার ঘটনা ঘটছে। বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে ১১ দল দাঁড়ালে তাদের ওপর সরকারি দলের লোকজন হামলা চালাচ্ছে। রাজধানীর সমাবেশ থেকে হামলা, খুনের বিচার দাবি জানাবে ১১ দল। নৃশংসতা, সরকারের ব্যর্থতা ও ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এ জামায়াত নেতা জানান, এ ছাড়া আগামী ৪ জুলাই দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশে পালন করবে ১১ দল। অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার ১১ দলীয় ঐক্যের বৈঠকে চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হবে।

এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সব জেলা ও মহানগরে আজ বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি। এ জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

১০

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

১১

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

১২

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

১৩

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

১৪

পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

১৫

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বেসরকারি সাবমেরিন ক্যাবলের পক্ষে প্রচার

১৬

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

১৭

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

১৮

মেসির রেকর্ডভাঙা গোল নিয়ে বিতর্ক

১৯

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

২০
X