

ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দেওয়ার কার্যক্রম সারা বছর চালু রাখতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৮ মে এ-সংক্রান্ত একটি সভা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের নেতৃত্বে অনুষ্ঠিত হবে। সভায় ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কর্তন সারা বছর চালু রাখতে সমন্বিত প্রস্তাব বা সুপারিশ প্রণয়ন এবং বিবিধ বিষয় আলোচনা করা হবে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা স্বাক্ষরিত এক বার্তা থেকে এ তথ্য জানা গেছে।
মাঝেমধ্যেই জীবিত থাকা অবস্থায়ও অনেকের নাম মৃতদের তালিকায় চলে আসে; কিন্তু এনআইডি দিয়ে কোনো কাজ করতে যাওয়ার আগে ওই নাগরিক বা তার পরিবার কিছুই জানতে পারছেন না। জানার পর তাকে আবার জীবিত হতে অনেক ভোগান্তিতে পড়তে হয়। তাই নাগরিকের ভোগান্তি ছাড়া এই কার্যক্রম কীভাবে আরও সহজ করা যায়, সেই রাস্তা খুঁজছে কমিশন।
দেশে এখন ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০:
দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। গত ছয় মাসে ভোটার তালিকায় নতুন যুক্ত হয়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। ‘ভোটার তালিকা হালনাগাদ-২০২৬’ শীর্ষক বার্তা অনুযায়ী, ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং ১ হাজার ২৪৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের ১৮ নভেম্বর ভোটার তালিকা হালনাগাদ করেছিল ইসি। সে সময় দেশে ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিল ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।
আগে প্রতি বছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা এবং ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হতো। তবে ২০২৫ সালে আইন সংশোধন করে নির্বাচন কমিশনকে বছরের যে কোনো সময় ভোটার তালিকা প্রকাশের ক্ষমতা দেওয়া হয়েছে।