রোমান চৌধুরী সুমন, নারায়ণগঞ্জ
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২০ জুলাই ২০২৬, ১০:১০ এএম
প্রিন্ট সংস্করণ
বারবার গ্যাস বিস্ফোরণ

মৃত্যু উপত্যকা নারায়ণগঞ্জ

৫ বছরে মৃত্যু ১৪৪
মৃত্যু উপত্যকা নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ গ্যাস বিস্ফোরণের এক নীরব মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। প্রতিদিনের স্বাভাবিক জীবনযাপনের মধ্যে নগরবাসীকে তাড়া করে ফিরছে এক অজানা আতঙ্ক—কখন কোন বাসা, ভবন, দোকান, মার্কেট কিংবা শিল্প প্রতিষ্ঠানে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটবে—তার কোনো নিশ্চয়তা নেই। বছরের পর বছর ধরে তিতাস গ্যাসের পুরোনো ও ঝুঁকিপূর্ণ পাইপলাইন, গ্যাস লিকেজ, সিলিন্ডার বিস্ফোরণ, অবৈধ সংযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব এবং ব্যবহারকারীদের অসচেতনতার কারণে জেলায় একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটছে।

প্রতিটি দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন, দায় নিরূপণের আশ্বাস এবং নানা প্রতিশ্রুতি মিললেও বাস্তবে একই চিত্র বারবার ফিরে আসছে। এসব দুর্ঘটনায় অনেক পরিবার সম্পূর্ণ বিলীন হয়ে গেছে; একই পরিবারের একাধিক সদস্য প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার কারণ হিসেবে বারবার উঠে এসেছে তিতাসের প্রায় ২০ বছর আগে স্থাপিত পুরোনো পাইপলাইন, চোরাই গ্যাস সংযোগ এবং নাগরিকদের অসচেতনতা।

তবে নগরবাসীর প্রশ্ন—কারণ চিহ্নিত হওয়ার পরও আর কত প্রাণ গেলে এ মৃত্যুমিছিল থামবে? কবে নেওয়া হবে কার্যকর উদ্যোগ?ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও শতাধিক মানুষ। তবে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া অনেকের তথ্য সরকারি হিসাবে অন্তর্ভুক্ত হয়নি।

অন্যদিকে ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১১ জুন পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণের ২৭৬টি ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে। বিভিন্ন সময়ে প্রকাশিত সংবাদ বিশ্লেষণে দেখা যায়, শুধু গত দেড় বছরেই বাসাবাড়িতে গ্যাস লিকেজজনিত বিস্ফোরণে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। সবশেষ চলতি বছরের ১১ জুন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চানপুর এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন।

১৫ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুলতানা (৩৫)। পরে ১৬ জুন মারা যান তার স্বামী আব্দুল মান্নান (৫০) এবং ছেলে সিয়াম (১৯)। এর আগে চলতি বছরের ১০ মে ফতুল্লার গিড়িধারা এলাকায় গ্যাসলাইনের লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে সবজি বিক্রেতা মো. কালাম (৩৫), তার স্ত্রী সায়মা (৩২), ছেলে মুন্না (৭) এবং দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৭) প্রাণ হারান। পরদিন ১১ মে ফতুল্লার কুতুবপুরের লাকী বাজার এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের আব্দুল কাদির (৫০), তার ছেলে মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬) দগ্ধ হন। এতে মারা যান গৃহকর্তা আবুল কালাম।

২০২৫ সালের ৩ মার্চ সিদ্ধিরগঞ্জের গোদনাইলে গ্যাসলাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের আটজন দগ্ধ হন। পরে শিশুসহ ওই পরিবারের চারজনের মৃত্যু হয়। একই বছরের ২৩ আগস্ট সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে আগুনে এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিনসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশু ইমাম, তার মা সালমা বেগম, বাবা হাসান, নানি তাহিরা খাতুন, খালা আসমা বেগম, খালাতো ভাই আরাফাত এবং খালাতো বোন তৃষা আক্তারসহ সাতজনের মৃত্যু হয়।

গত পাঁচ বছরের পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে নারায়ণগঞ্জে ২০৪টি অগ্নিকাণ্ডের মধ্যে ৯৬টি ছিল গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণ-সংক্রান্ত। এতে ৩০ জন দগ্ধ এবং ২২ জন নিহত হন।

২০২৪ সালে পাইপলাইনের লিকেজ থেকে ১১৮টি এবং সিলিন্ডার বিস্ফোরণের ২১টি ঘটনা ঘটে। এতে অন্তত ৩৫ জন দগ্ধ হন। চারটি বড় বিস্ফোরণে সিদ্ধিরগঞ্জের পোশাকশ্রমিক সুখীর পরিবারের চার সদস্যসহ মোট ছয়জনের মৃত্যু হয়।

২০২৩ সালে ১২৮টি অগ্নিকাণ্ডের মধ্যে ১১৮টিই ছিল তিতাসের পাইপলাইনের লিকেজজনিত। ওই বছর প্রাণ হারান ২৭ জন এবং আহত হন ৮২ জন। ২০২২ সালে ১০৪টি বিস্ফোরণের মধ্যে ৬৯টি ছিল তিতাসের লাইনের ত্রুটিজনিত। এতে ১৮ জনের মৃত্যু হয়। ২০২১ সালে ১১৪টি গ্যাস বিস্ফোরণের মধ্যে ৯৬টি ঘটে তিতাসের পাইপলাইন থেকে। ওই বছর প্রাণ হারান ২০ জন।

২০২০ সালে ১০৬টি অগ্নিকাণ্ডের মধ্যে ৭১টি ছিল তিতাসের পাইপলাইনের ত্রুটিজনিত। সে বছর দগ্ধ হয়ে মারা যান ৪৪ জন। এর মধ্যে নগরীর তল্লা বায়তুস সালাত জামে মসজিদে গ্যাস লিকেজের ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারান ৩৪ মুসল্লি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ঝুঁকিপূর্ণ স্থাপনার তালিকা অনুযায়ী, জেলায় ১৩৫টি বহুতল ভবন, ৪২টি মার্কেট, ১৬৩টি মসজিদ এবং ৭৮টি হাসপাতাল উচ্চ ঝুঁকিতে রয়েছে। এসব স্থাপনায় যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ও ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে।

এদিকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের ৮০ হাজারের বেশি আবাসিক গ্রাহককে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করছে। পাশাপাশি ৪২২টি শিল্প-কারখানায়ও গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে। এসব এলাকার অনেক পাইপলাইনই ২৫ থেকে ৩০ বছর আগে স্থাপন করা হলেও এখনো সেগুলোর মাধ্যমেই গ্যাস সরবরাহ চলছে।

গতকাল রোববার বিকেলে নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের উপমহাব্যবস্থাপক মনজুর আজিজ মোহন কালবেলাকে বলেন, গ্যাস সঞ্চালনের পুরোনো পাইপলাইন পরিবর্তন ও নতুন পাইপ স্থাপনের জন্য একটি বড় প্রকল্পের পরিকল্পনা দেওয়া হয়েছিল। সেটি ফেরত এসেছে। এখন নতুন করে নারায়ণগঞ্জের পুরোনো পাইপলাইন অপসারণ করে খণ্ড খণ্ড এলাকায় ভাগ করে নতুন কর্মপরিকল্পনা তৈরির কাজ চলছে। এরই মধ্যে নতুন পাইপলাইন স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, চোরাই গ্যাস সংযোগ দিতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অবৈধ সংযোগের সময় নিম্নমানের সামগ্রী ও ত্রুটিপূর্ণ ওয়েল্ডিং ব্যবহারের কারণে এসব দুর্ঘটনা ঘটে। প্রতিদিনই চোরাই সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। আজও (গতকাল) অভিযান চলছে। তবে চোরাই সংযোগের সিন্ডিকেট অত্যন্ত শক্তিশালী। একদিন সংযোগ বিচ্ছিন্ন করা হলেও পরে আবার তারা চালু করে দেয়। এসব বন্ধে আরও জনবল প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সচেতনতার বিষয়ে মনজুর আজিজ বলেন, বাসাবাড়ির ভেতরের দুর্ঘটনার দায় মূলত গ্রাহকের। তিতাস শুধু বাইরের পাইপলাইন থেকে রাইজার পর্যন্ত দায়িত্ব পালন করে। ঘরে প্রবেশের আগে গ্যাসের গন্ধ আছে কি না, তা নিশ্চিত হওয়া, চুলা ঠিকমতো বন্ধ রাখা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করলে প্রায় ৭০ শতাংশ দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, প্রতিটি বিস্ফোরণের পর তদন্তে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, পাইপলাইনের লিকেজ থেকে রুমে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি বলেন, তিতাসের রাইজার থেকে বাসাবাড়ির সংযোগ পাইপে লিকেজ কিংবা চুলার সংযোগস্থল দিয়ে গ্যাস বের হয়ে রুমে জমা হয়। এ ছাড়া অনুমোদিত দোকান থেকে কেনা সিলিন্ডারও অনেক সময় অনিরাপদভাবে সংযোগ দেওয়ার কারণে পাইপ লিকেজের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, দরজা-জানালা বন্ধ অবস্থায় রুমে গ্যাস জমে থাকলে লাইট, ফ্যান বা অন্য কোনো বৈদ্যুতিক সুইচ চালু করা কিংবা ম্যাচ জ্বালানোর সঙ্গে সঙ্গে স্পার্ক সৃষ্টি হয়ে বিস্ফোরণ ঘটে। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই সেখানে অবস্থানরত মানুষ ভয়াবহভাবে দগ্ধ হন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জের সভাপতি ধীমান সাহা জুয়েল বলেন, নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের ঘটনা কমাতে তিতাস গ্যাস, ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের সমন্বিত উদ্যোগ জরুরি।

দীর্ঘদিন ধরেই সুজনের পক্ষ থেকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপের দাবি জানানো হচ্ছে।তিনি অভিযোগ করে বলেন, তিতাসের পুরোনো ও অচল পাইপলাইন দ্রুত বদলানোর পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাও বন্ধ করতে হবে। ২০২০ সালে নগরীর তল্লা বায়তুস সালাত জামে মসজিদে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩৪ মুসল্লির মৃত্যু এবং অর্ধশতাধিক আহত হওয়ার পর তদন্ত প্রতিবেদনে ১৮টি সুপারিশ করা হয়েছিল।

কিন্তু আজও সেগুলোর বাস্তবায়ন হয়নি। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দ্রুত গ্যাস লিকেজ শনাক্তকরণ, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং পুরোনো পাইপলাইন অপসারণ করে নতুন পাইপলাইন স্থাপন করা হলে এ ধরনের দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তিনি মনে করেন।

কালবেলা/এমজে
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১০

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১২

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৩

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৪

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৬

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৭

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৮

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৯

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

২০
X