

পপস্টার লেডি গাগা ও তার সঙ্গী মাইকেল পোলানস্কি ২০১৯ সালের শেষদিকে সম্পর্কে জড়ান। গাগার মা প্রথম তাদের পরিচয় করিয়ে দেন। ২০২৪ সালের এপ্রিলে বাগদানের পর এবার বিয়ে ও সন্তান নেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন এ তারকা জুটি। রোলিং স্টোনে দেওয়া এক সাক্ষাৎকারে তারা জানান, শিগগিরই তাদের বিয়ে হতে পারে। ব্যস্ত সময়সূচির কারণে গাগার ট্যুর চলাকালে বা এর পরেই বিয়ের অনুষ্ঠান হতে পারে বলে ইঙ্গিত দেন পোলানস্কি। তিনি বলেন, ‘আমরা নিয়মিতই বিয়ে নিয়ে কথা বলি। ছোট অনুষ্ঠান চাই, তবে তা উপভোগ্য হতে হবে।’ দম্পতির মতে, তাদের সম্পর্ক এরই মধ্যে অনেকটা বিবাহিত জীবনের মতো।
বিয়ের পরের ধাপ হিসেবে তারা সন্তান নেওয়ার পরিকল্পনাও করছেন। এ নিয়ে গাগা বলেন, ‘মা হওয়াই আমার সবচেয়ে বড় ইচ্ছা। আর মাইকেল দারুণ বাবা হবে।’