

ঢাকার সাভারে চলন্ত অবস্থায় আগুনে পুড়ে গেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটি মাইক্রোবাস। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই গাড়ি থেকে নেমে যাওয়ায় চালকসহ তিনজন অক্ষত আছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকার মধুমতি মডেল টাউনের সামনে এ ঘটনা ঘটে।
মাইক্রোবাসটির চালক রনি হোসেন জানান, একজন প্রতিবেদক ও একজন ক্যামেরাপারসনকে নিয়ে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে অফিস থেকে ধামরাইয়ের দিকে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে মধুমতি মডেল টাউন এলাকায় পৌঁছলে গাড়ির গ্যাস লাইনে লিকেজ রয়েছে বলে তার সন্দেহ হয়। বিষয়টি বুঝতে পেরে গাড়ি থামানোর চেষ্টা করলে হঠাৎ সামনের অংশে আগুন ধরে যায়।
তিনি বলেন, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। পরে গাড়িতে থাকা তিনজনই দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে যান এবং ফায়ার সার্ভিসে খবর দেন। তবে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মিল্টন হোসেন জানান, দুপুর ১টার দিকে একটি চলন্ত মাইক্রোবাসে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
প্রাথমিকভাবে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।