

বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা এখনও মুগ্ধ লিওনেল মেসির পায়ের জাদুতে। তবে এবার মাঠ নয়, তাকে দেখা গেল জনপ্রিয় সুপারহিরো স্পাইডারম্যানের সঙ্গে। আর এতেই শুরু হয়েছে জোর আলোচনা। তবে কি মুক্তিপ্রতীক্ষিত ‘স্পাইডারম্যান ৪’-এ দেখা যাবে আর্জেন্টাইন এই মহাতারকাকে?
সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর একটি প্রমোশনাল ভিডিও। সেখানে বিশেষ উপস্থিতিতে দেখা যায় লিওনেল মেসিকে। ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের একটি কফি শপে বসে ফোনে কথা বলছেন পিটার পার্কার (টম হল্যান্ড)। হঠাৎই তার নজর যায় ক্যাফের দরজার দিকে। বিস্ময়ে ফোনের ওপাশের মানুষকে ‘শাট আপ’ বলে থামিয়ে দেন তিনি। কারণ, ঠিক তখনই ক্যাফেতে প্রবেশ করেন লিওনেল মেসি।
মেসিকে দেখে হতবাক পিটার জিজ্ঞেস করেন, ‘মেসি?’ অন্যদিকে ক্যাফের মালিককে দেখা যায় একেবারেই স্বাভাবিক। এরপর মেসি নিজের ফোন দেখিয়ে জানান, তিনি স্পাইডারম্যানকে খুঁজছেন। বিষয়টি বুঝে পিটার আড়ালে গিয়ে মুহূর্তেই স্পাইডি স্যুট পরে ফিরে আসেন।
এরপর শুরু হয় দুই তারকার মজার মুহূর্ত। স্পাইডারম্যান মেসিকে জিজ্ঞেস করেন, ‘উচ্চতা নিয়ে তোমার ভয় নেই তো?’ জবাবে দুজনকে একসঙ্গে আকাশে উড়তে দেখা যায়। স্পাইডির জালের শেষ প্রান্তে ঝুলে ‘ওয়েব-স্লিংগিং’ রাইডের রোমাঞ্চও উপভোগ করেন বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকা।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। একজন নেটিজেন লিখেছেন, ‘স্পাইডারম্যানের সঙ্গে মেসির এই ক্যামিও যে কোনো সিনেমার প্লট টুইস্টের চেয়েও বেশি চমকপ্রদ!’ আরেকজন মজা করে লেখেন, “পিটারের জীবনটা এবার সত্যিই একটু বেশি ‘মেসি’ (জটিল) হয়ে গেল!”
তবে ভক্তদের কৌতূহল থাকলেও মেসি সিনেমাটির কোনো চরিত্র নন। এটি মূলত সিনেমার প্রচারণার অংশ হিসেবেই নির্মিত হয়েছে। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আগামী ৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।