

তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী শেখ সাদী জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। গত শুক্রবার পারিবারিক আয়োজনে সম্পন্ন হয়েছে তার আংটিবদল। বিষয়টি নিজেই একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই গায়ক।
শনিবার সন্ধ্যায় শেখ সাদী জানান, আংটিবদলের সিদ্ধান্তটি ছিল একেবারেই আকস্মিক। তিনি বলেন, 'ব্যাপারটি হুট করেই হয়েছে। আমার আব্বু-আম্মু দুজনই যুক্তরাষ্ট্রে থাকেন। তারা কিছুদিন আগে দেশে এসেছিলেন। এ সময় আমার বিয়ের বিষয়ে পারিবারিকভাবে আলোচনা হয়। তারা আমার জন্য একজনকে পছন্দ করেন। তাদের পছন্দে আমি সম্মতি জানাই। এরপরই আমাদের আংটিবদল সম্পন্ন হয়।'
পারিবারিক সূত্রে জানা গেছে, শেখ সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। শুক্রবার রাজধানীর শাহজাদপুরে কনের বাসভবনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আংটিবদলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগীতজীবনের শুরু থেকেই তরুণ শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন শেখ সাদী। ইউটিউব ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত তার একাধিক গান কোটি কোটি বার শোনা হয়েছে। বিশেষ করে তার গাওয়া জনপ্রিয় গান ‘ললনা’ তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি ও শ্রোতাপ্রিয়তা।
গানের পাশাপাশি অভিনয়েও দেখা গেছে এই শিল্পীকে। ‘শহরের নতুন অতিথি’ নাটকে তার বিপরীতে অভিনয় করেছিলেন সামিরা খান মাহি। এছাড়া চার বছর আগে ‘সংশয়’ নামে একটি সিনেমায় অভিনয়ের সুযোগ পেলেও এক দিনের শুটিংয়ের পর প্রকল্পটি থেকে সরে দাঁড়ান তিনি।
ব্যক্তিজীবনে একসময় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনির সঙ্গে প্রেমের গুঞ্জনে তার নাম জড়িয়েছিল। তবে নানা আলোচনা-সমালোচনাকে পেছনে ফেলে এবার সংসার জীবনে পা রাখতে যাচ্ছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। পরিবার ও কাছের মানুষের আশীর্বাদে শুরু হতে যাচ্ছে তার জীবনের নতুন অধ্যায়।