

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব দীর্ঘ দুই বছর পর আবারও ওটিটির পর্দায় ফিরছেন। এর আগে নির্মাতা শিহাব শাহীনের আলোচিত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’-এ নাম ভূমিকায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এবার নতুন পরিচয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন এ অভিনেতা।
সালেহ সোবহান অনীম পরিচালিত থ্রিলারধর্মী ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ একজন অনুসন্ধানী সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। আট পর্বের এ সিরিজটি আগামী ২৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে। মুক্তির তারিখ ঘোষণার পাশাপাশি প্রকাশিত ট্রেলার এরই মধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
সিরিজটিতে অপূর্ব অভিনয় করেছেন সাংবাদিক জহির চরিত্রে। ট্রেলারে দেখা যায়, সত্য অনুসন্ধানের পথে নানা বাধা, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অন্ধকার বাস্তবতার মুখোমুখি হতে হয় তাকে। পেশাগত লড়াইয়ের পাশাপাশি গল্পে উঠে এসেছে ব্যক্তিগত জীবন, পারিবারিক সম্পর্ক এবং মানবিক সংকটের নানা দিকও।
চরিত্রটি নিয়ে অপূর্ব বলেন, ‘জহির চরিত্রটার একটা দারুণ গ্রাফ আছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যাবে। কখনো সে খুবই আবেগপ্রবণ, আবার কখনো বাস্তবতার কঠিন মুখোমুখি দাঁড়িয়ে শক্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একজন অভিনেতা হিসেবে এ ধরনের বহুস্তরীয় চরিত্র সবসময়ই আমাকে আকৃষ্ট করে।’
এদিকে ‘হেডলাইন’ সিরিজের মাধ্যমে প্রায় তিন বছর পর ওটিটিতে ফিরছেন অভিনেত্রী আফসান আরা বিন্দুও। শক্তিশালী গল্পনির্ভর এই প্রজেক্টে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
অপূর্ব ও বিন্দুর পাশাপাশি সিরিজটিতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি, আরিফিন জিলানীসহ অনেকে।