

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর মন্সশাউয়ের একটি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
আগুনের সূত্রপাতের পর তা পাশের একটি ভবনেও ছড়িয়ে পড়ে। ভবনটি ক্যাথলিক সহায়তা সংস্থা ক্যারিটাস পরিচালিত একটি আবাসিক কেন্দ্র, যেখানে মানসিক ও একাধিক ধরনের প্রতিবন্ধকতাসম্পন্ন প্রাপ্তবয়স্করা বসবাস করেন।
পুলিশ জানিয়েছে, নিহতরা অ্যাপার্টমেন্ট ভবনের নাকি ক্যারিটাসের আবাসিক কেন্দ্রের বাসিন্দা, এটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুটি ভবন পাশাপাশি অবস্থিত হওয়ায় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে স্থানীয় বেসরকারি রেডিও স্টেশন অ্যান্টেনে এসি প্রথমে জানায়, নিহতরা ক্যারিটাস কেন্দ্রের বাসিন্দা ছিলেন। তবে পুলিশ এখনো এ তথ্য নিশ্চিত করেনি।
অগ্নিকাণ্ডে আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তবে আহতের সঠিক সংখ্যা এখনো জানানো হয়নি।