

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি না থাকলে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না। তার মতে, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার করা ইরান পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) ইরানকে পারমাণবিক অস্ত্রের পথে নিয়ে যাচ্ছিল।
হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে ‘অ্যাক্সিওস শো’-এর এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র পাওয়া থেকে থামিয়েছেন। তার দাবি, ইরান যদি অস্ত্র পেত, তাহলে তারা ইসরায়েলসহ বিভিন্ন শহরে হামলা চালাতে পারত।
ট্রাম্প বলেন, আমার জন্যই ইসরায়েল আজ টিকে আছে, কারণ আমি ওবামার করা জেসিপিওএ চুক্তি বাতিল করেছি। সেই চুক্তি ইরানকে পারমাণবিক অস্ত্রের দিকে নিয়ে যাচ্ছিল।
তিনি আরও বলেন, তার ধারণা অনুযায়ী ইরান কয়েক বছরের মধ্যেই পারমাণবিক অস্ত্র পেয়ে যেতে পারত এবং তা ব্যবহারও করতে পারত, যা ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় হুমকি হতো।
সাক্ষাৎকারে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন। তিনি দাবি করেন, নেতানিয়াহু তাকে সম্মান করেন এবং তিনি প্রয়োজনে তাকে কিছু বিষয়ে ‘সংযত রাখার চেষ্টা’ করেন।
এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখতে পারে, যা যুক্তরাষ্ট্র-ইরান শান্তি উদ্যোগকে বাধাগ্রস্ত করতে পারে।
অন্যদিকে সাক্ষাৎকারে ট্রাম্প কিউবা ও ভেনেজুয়েলা নিয়েও মন্তব্য করেন। তিনি ইঙ্গিত দেন, কিউবার বিষয়ে ভবিষ্যতে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে।
এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তবে শেষদিকে নিজের ক্ষমতা নিয়ে মন্তব্য করে ট্রাম্প বলেন, বাস্তবে তার ক্ষমতার কোনো সীমা নেই।