কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৯ মে ২০২৬, ০৭:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

শুভেন্দুই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আজ শপথ

দেড় দশকের তৃণমূল শাসনের অবসান
শুভেন্দুই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আজ শপথ

দীর্ঘ দেড় দশকের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে সূচনা হলো এক নতুন অধ্যায়ের। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে তার নামটিই সবচেয়ে বেশি আলোচনায় ছিল। কারণ, টানা পনেরো বছরের শাসক মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটের লড়াইয়ে ধরাশায়ী করেন এই শুভেন্দু অধিকারী। এদিকে, পশ্চিমবঙ্গে উপমুখ্যমন্ত্রী হতে পারেন দুজন। তাদের মধ্যে একজন নারী হবেন বলে জানা যাচ্ছে। রাজ্যের উপমুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়েও চলছে জল্পনা। এনডিটিভির খবরে বলা হয়, তাদের মধ্যে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের নাম শোনা যাচ্ছে। অপর সম্ভাব্য উপমুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ থেকে হতে পারেন—তিনি হলেন শিলিগুড়ি থেকে জয়ী শংকর ঘোষ।

রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি পেশ বিজেপির: এদিকে, লোকভবনে গিয়ে সরকার গঠনের দাবি আনুষ্ঠানিকভাবে পেশ করেছে বিজেপি। আনন্দবাজার জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজ্যপাল আরএন রবির হাতে বিজেপি বিধায়কদের স্বাক্ষর সংবলিত চিঠি তুলে দেন বিধানসভার পরিষদীয় দলের নেতা তথা রাজ্যের হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যসহ অন্য বিধায়করা ও কেন্দ্রীয় মন্ত্রীরা এবং পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, গতকাল শুক্রবার নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে বিজেপির বিধায়কদের পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার বৈঠকের আয়োজন করা হয়। বিজেপির দলীয় বিধায়কদের বৈঠকে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা ঘোষণা করেন অমিত শাহ। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, ‘পরিষদীয় দলনেতা হিসেবে একজনেরই নাম উঠে আসে। তিনি হলেন শুভেন্দু অধিকারী। বাকি বিধায়করা তাকে সর্বান্তকরণে সমর্থন করেছেন।’ এরপর শুভেন্দুকে পদ্মফুলের মালা দিয়ে বরণ করেন অমিত শাহ। পাশে ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ২০২৬ বিধানসভা নির্বাচনে শুভেন্দু শুধু নন্দীগ্রাম থেকেই জয়লাভ করেননি, তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে তিনি ভবানীপুর আসনে পরাজিত করেন। এই আসনে শুভেন্দু ১৫ হাজার ১১৪ ভোটে পরাস্ত করেছেন। বিগত ২০২১ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী।

কী বললেন অমিত শাহ?

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘বাংলার ভাবী মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। বাঙালিকে কোটি-কোটি ধন্যবাদ। আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল। মোদিজির প্রতিশ্রুতি আমাদের পালন করতে হবে। ২০১৪ সাল থেকে যে যাত্রা শুরু হয়েছে, তা আজ পূর্ণতা পেল। গঙ্গাসাগর থেকে গঙ্গোত্রী পর্যন্ত বিজেপি সরকার গঠিত হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘বাম ও তৃণমূলের এত হিংসা আমি কোথাও দেখিনি। ২০২১ সাল থেকে ৩২১ জন বিজেপি কর্মীর প্রাণ গিয়েছে। বাংলা এবং কেরালায় যে হিংসা, তা কোথাও দেখা যায় না। কমিউনিস্টদের শাসনের থেকেও মমতার শাসনকাল আরও ভয়াবহ পরিস্থিতি নেয়।’ এদিন ভবানীপুরের নাগরিদেরও ধন্যবাদ জানালেন অমিত শাহ।

আনন্দবাজার জানায়, শুক্রবার বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে শুভেন্দু মঞ্চে দাঁড়িয়ে একে একে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে। তার পরেই তিনি জানান, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে যে ‘গ্যারান্টি’ দিয়েছেন, তা পূরণ করবে নতুন বিজেপি সরকার। তিনি বলেন, ‘মোদিজি যে গ্যারান্টি দিয়েছেন, তা পূরণ করার কাজ বিজেপি সরকার করবে। আমি নই, আমরা নীতিতে বিজেপি সরকার করবে। কথা কম কাজ বেশি বিজেপি সরকার করবে। রাজ্যে এখন থেকে ভয় আউট এবং ভরসা ইন—অর্থাৎ ভয়ের পরিবেশ কাটিয়ে মানুষের আস্থার শাসন প্রতিষ্ঠিত হবে।’

এর পরই তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন উদ্ধৃত করেন, ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির।’ আর এ ক্ষেত্রে তার মন্ত্র হবে ‘চরৈবেতি’। সংস্কৃত এই শব্দবন্ধের অর্থ হলো ‘এগিয়ে চলো’। শুভেন্দু জানালেন, স্বামী বিবেকানন্দের এই মন্ত্র নিয়েই তিনি এগিয়ে যেতে চান। চলতি নির্বাচনে বাংলার ৪৬ শতাংশ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। পরের নির্বাচনে ৬০ শতাংশ মানুষকে পাশে আনতে হবে। এটাও তার সংকল্প বলে জানালেন শুভেন্দু।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে শুভেন্দুর নাম ঘোষণা করার পর থেকেই উৎসবের আমেজ গেরুয়া শিবিরে। আজ শনিবার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন শুভেন্দু অধিকারী।

শপথ অনুষ্ঠানে চাঁদের হাট

শুভেন্দু অধিকারীর এই শপথগ্রহণ অনুষ্ঠানকে ঐতিহাসিক রূপ দিতে কোমর বেঁধে নেমেছে বিজেপি নেতৃত্ব। প্যারেড গ্রাউন্ডের এই মেগা ইভেন্টে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ ছাড়াও বিজেপি সভাপতি নীতিন নবীন, এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীরা, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এবং জোটের শীর্ষ নেতৃত্বরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার পর শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বাংলার মানুষের স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ হওয়ার কথা জানিয়েছেন। এদিকে পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী লোকভবনের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করে পশ্চিমবঙ্গে সরকার গঠনের দাবি জানিয়েছেন। আজ বেলা ১১টায় তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। নতুন সরকারের শপথ পর্যন্ত রাজ্যের সব প্রশাসনিক দায়িত্ব থাকছে রাজ্যপালের হাতে।

বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পরে পরিষদীয় দলনেতা তথা মুখ্যমন্ত্রী বেছে নিতে গতকাল শুক্রবার কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার বেলা ১১টার পর তার বিমান নামে কলকাতা বিমানবন্দরে। সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীসহ রাজ্য বিজেপি নেতাদের অনেকেই। সেখান থেকে তিনি সোজা চলে যান দক্ষিণেশ্বরে। মন্দিরে পূজা অর্চনার পর তিনি যান নিউ টাউনের হোটেলে।

বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক করা হয় অমিত শাহকে। সেই কাজে তার সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয় ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে। যে কোনো রাজ্যে নির্বাচনের পরে পরিষদীয় দলনেতা বাছাই করার সময় সেই রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাঠান বিজেপি নেতৃত্ব। তারা দলের নবনির্বাচিত প্রার্থীদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকেই পরিষদীয় দলনেতার নাম ঘোষণা হয়ে যায়। এটি বিজেপির পরিষদীয় রীতি।

শপথ উপলক্ষে কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ

আজ শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নবগঠিত পশ্চিমবঙ্গ সরকারের শপথ গ্রহণ উপলক্ষে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেজন্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করতে বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ। গতকাল কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, প্রয়োজন অনুযায়ী, রাজধানীর কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর মধ্যে রয়েছে এসপ্ল্যানেড র্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ, কুইনসওয়ে। তা ছাড়া আজ ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মালবাহী গাড়ির যাতায়াত বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা এর বাইরে থাকবে। যেমন—এলপিজি সিলিন্ডারবাহী মালগাড়ি, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিক্যান্ট, অক্সিজেন, শাকসবজি, ওষুধপত্র, মাছ, ফল, দুধভর্তি গাড়ির ছাড়পত্র থাকবে। এদিন শহরের কয়েকটি জায়গায় গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকছে। ভিভিআইপি মুভমেন্টের কারণে সাময়িকভাবে যানজট তৈরির আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ। সব মিলিয়ে এক নতুন রাজনৈতিক ভোরের অপেক্ষায় রাজ্যবাসী।

তৃণমূল নেতারা মুখ খুলছেন অভিষেকের বিরুদ্ধে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভরাডুবিতে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে হতাশা, ক্ষোভ। তাদের অনেকে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন দল পরিচালনার জন্য সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, তাদের কেউ যেমন অভিযোগ করছেন, অভিষেক ব্যানার্জি তাদের দলটিকে ‘শেষ করে দিলেন’। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে তার উদ্ধত আচরণের কথা লিখছেন, তেমনই তারই উদ্যোগে যে পরামর্শদাতা সংস্থা নিযুক্ত হয়েছিল, সেই 'আইপ্যাক'-এর বিরুদ্ধেও ক্ষুব্ধ অনেকে। আইপ্যাক কর্মীদের 'মাতব্বরি'র কথাও বিবিসিকে বলেছেন এক নেতা।

আবার সিনেমা জগৎ বা ক্রীড়া জগৎ থেকে যারা তৃণমূল কংগ্রেসে এসেছিলেন, এমন একাধিক পরাজিত প্রার্থী ও টিকিট না পাওয়া অভিনেতাও রাজনীতি থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করেছেন।

একাধিক নেতা-মন্ত্রী স্থানীয় গণমাধ্যমে এমন অভিযোগও তুলেছেন যে, দলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ ব্যক্তিরা নিয়মিত জেলা ও স্থানীয় স্তরের নেতাদের কাছে অর্থ দাবি করতেন।

ভোটের ফল বেরোনোর পর থেকেই যেভাবে দলের নেতাকর্মীরা প্রকাশ্যে মুখ খুলেছেন, তার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস জানিয়েছে, ওইসব বক্তব্যের সঙ্গে দল সহমত পোষণ করে না, এবং চারজন নেতা ও মুখপাত্রকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১০

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১১

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১২

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১৩

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১৪

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১৫

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৬

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১৭

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১৮

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১৯

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

২০
X