

দেশের পুঁজিবাজারে সাতটি ব্রোকারেজ হাউস ভুয়া ব্যাক-অফিস সফটওয়্যার ও বিভিন্ন কারসাজির মাধ্যমে প্রায় ৪৫ হাজার বিনিয়োগকারীর ৫৬০ কোটি টাকার বেশি অর্থ ও শেয়ার আত্মসাৎ করেছে। ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে সংঘটিত এসব জালিয়াতি-কারসাজির তথ্য উঠে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাম্প্রতিক পরিদর্শন প্রতিবেদনে। তদন্তে দেখা গেছে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত প্রযুক্তি ব্যবস্থার বাইরে গিয়ে বিনিয়োগকারীদের অজান্তে শেয়ার বিক্রি, হিসাব গোপন এবং অর্থ সরিয়ে নেওয়ার মতো কৌশল ব্যবহার করা হয়েছে।
ডিএসইর প্রতিবেদনে দেখা গেছে, সবচেয়ে বেশি ১৬১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে মশিউর সিকিউরিটিজের বিরুদ্ধে। এরপর রয়েছে তামহা সিকিউরিটিজে ১৩৯ কোটি ৭০ লাখ টাকা, সালতা ক্যাপিটালে ১০০ কোটি ৫২ লাখ টাকা, ক্রেস্ট সিকিউরিটিজে প্রায় ৮০ কোটি টাকা (নিরীক্ষা অনুযায়ী ১০৫ কোটি টাকা), বাংকো সিকিউরিটিজে ৬৬ কোটি ৫৯ লাখ টাকা এবং শাহ মোহাম্মদ সগীর সিকিউরিটিজে ১৩ কোটি ১৬ লাখ টাকা। এ ছাড়া ব্লু চিপ সিকিউরিটিজের (সাবেক খুরশিদ সিকিউরিটিজ) বিরুদ্ধেও গ্রাহকের সোয়া দুই কোটি টাকার শেয়ার বিক্রি ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। সব মিলিয়ে ৫৬৩ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। অবশ্য ডিএসইর প্রতিবেদনে মোট আত্মসাতের পরিমাণ ৬৫০ কোটি টাকার বেশি বলে উল্লেখ করা হয়েছে। বাকি টাকা কোন ব্রোকার হাউসের সে তথ্য তাদের প্রতিবেদনে নেই।
তদন্তে জালিয়াতির দুটি প্রধান কৌশল উঠে এসেছে। প্রথমত, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত ব্যাক-অফিস সফটওয়্যারের পরিবর্তে ভুয়া বা ডুপ্লিকেট সফটওয়্যার ব্যবহার করে ডিএসই ও গ্রাহকদের কাছে ভিন্ন ভিন্ন তথ্য দেখানো হতো। দ্বিতীয়ত, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সিস্টেমে গ্রাহকের মোবাইল নম্বর পরিবর্তন করে নিজেদের নম্বর যুক্ত করা হতো। ফলে শেয়ার কেনাবেচার এসএমএস বা নোটিফিকেশন গ্রাহকের পরিবর্তে সংশ্লিষ্টদের কাছে যেত এবং গ্রাহকের অজান্তেই শেয়ার বিক্রি করে অর্থ সরিয়ে নেওয়া সম্ভব হতো।
বিনিয়োগকারীদের সুরক্ষায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সব ব্রোকারেজ হাউসে অপরিবর্তনযোগ্য ব্যাক-অফিস সফটওয়্যার চালুর নির্দেশ দেয়। তবে ডিএসইর অগ্রগতি প্রতিবেদনে দেখা গেছে, ২৮০টি ব্রোকারেজ হাউস নতুন সফটওয়্যার গ্রহণ করলেও ১১৮টিতে এখনো বিনিয়োগকারীর তথ্য এবং ১০২টিতে লেজার ও পোর্টফোলিও স্থানান্তরের কাজ শেষ হয়নি। এ ছাড়া ২৪টি প্রতিষ্ঠান এখনো পুরোনো সফটওয়্যার ব্যবহার করছে এবং ১৩৫টি ব্রোকারেজ হাউস গ্রাহকদের লেনদেন-সংক্রান্ত এসএমএস বা ই-মেইল পাঠায় না। বাজারসংশ্লিষ্টদের মতে, এসব দুর্বলতাই জালিয়াতির সুযোগ বাড়িয়ে দিচ্ছে।
তদন্তে নাম আসা সাতটি ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নিয়ন্ত্রক সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিয়েছে। ১৬১ কোটি টাকার ঘাটতি ধরা পড়ার পর মশিউর সিকিউরিটিজের লেনদেন ও ডিপোজিটরি পার্টিসিপ্যান্ট (ডিপি) কার্যক্রম স্থগিত করা হয় এবং আইনি প্রক্রিয়া চলছে।
১৩৯ কোটি ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ার পর ২০২১ সালের নভেম্বরে তামহা সিকিউরিটিজের কার্যক্রম বন্ধ করে দেয় ডিএসই। বিএসইসির তদন্তে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. হারুনুর রশীদ ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় দুই হাজার বিনিয়োগকারীর অর্থ আত্মসাতের তথ্য উঠে আসে। পরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার ও পরিবারের সদস্যদের ১০টি ব্যাংক হিসাব জব্দ করে। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ও শাখা অফিস বন্ধ রয়েছে।
২০২৫ সালের নভেম্বরে ডিএসইর আকস্মিক পরিদর্শনে সালতা ক্যাপিটালের কনসোলিডেটেড কাস্টমার্স অ্যাকাউন্টে (সিসিএ) ঘাটতি ধরা পড়ে। পরে বিএসইসির তদন্তে ১০০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। তবে প্রতিষ্ঠানটির মালিকদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ডিএসই জানিয়েছে, প্রতিষ্ঠানটির বিষয়ে কঠোর নজরদারি চলছে।
ক্রেস্ট সিকিউরিটিজের বিরুদ্ধে প্রায় ৮০ কোটি টাকা (নিরীক্ষা অনুযায়ী ১০৫ কোটি টাকা) আত্মসাতের অভিযোগ রয়েছে। ২০২০ সালে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদ উল্লাহ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রয়েছে।
বাংকো সিকিউরিটিজের বিরুদ্ধে ৬৬ কোটি ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০২১ সালে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশ ছাড়ার সময় চেয়ারম্যান আবদুল মুহিতকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুদকের মামলা বিচারাধীন।
১৩ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর ২০১৯ সালে শাহ মোহাম্মদ সগীর সিকিউরিটিজের ট্রেডিং রাইটস এনটাইটেলমেন্ট (টিআরই) সনদ স্থগিত করে ডিএসই। এরপর থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।
ব্লু চিপ সিকিউরিটিজের বিরুদ্ধেও গ্রাহকের শেয়ার বিক্রি, চেক ডিজঅনার এবং অর্থ ফেরত না দেওয়ার অভিযোগে ফৌজদারি মামলা চলছে। তবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বক্তব্য পাওয়া যায়নি।
বিপুল সংখ্যক গ্রাহকের শত শত কোটি টাকা আত্মসাৎ হলেও এখনো কার্যকর সমাধান পাননি ক্ষতিগ্রস্তরা। বিভিন্ন সময়ে টাকা ফেরতের দাবি জানানো হলেও অধিকাংশ বিনিয়োগকারী তাদের অর্থ ফেরত পাননি। সর্বশেষ ২০২৩ সালে ডিএসইর ইনভেস্টর প্রটেকশন ফান্ড (আইপিএফ) থেকে তিনটি ব্রোকারেজ হাউসের কিছু গ্রাহককে মাত্র ৩৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়।
এ বিষয়ে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত আনোয়ার কালবেলাকে বলেন, ‘অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের জালিয়াতি প্রতিরোধে ডিএসই একটি বিশেষ সফটওয়্যার তৈরি করছে, যা চালু হলে কনসোলিডেটেড কাস্টমার্স অ্যাকাউন্ট (সিসিএ) রিয়েল টাইমে পর্যবেক্ষণ এবং প্রতিদিন স্বয়ংক্রিয়ভাবে হিসাবের সমন্বয় (রিকনসিলিয়েশন) করা যাবে। কোনো অমিল ধরা পড়লে সিস্টেম তাৎক্ষণিক সতর্কবার্তা দেবে, ফলে দ্রুত জবাবদিহি নিশ্চিত ও আকস্মিক পরিদর্শন চালানো সম্ভব হবে।’
তিনি বলেন, ‘ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে সরাসরি এনফোর্সমেন্ট ব্যবস্থা নেওয়ার এখতিয়ার ডিএসইর নেই। তাই তদন্তে অনিয়ম ধরা পড়লে প্রতিবেদন বিএসইসিতে পাঠানো হয় এবং পরবর্তী ব্যবস্থা নেয় কমিশন।’
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম কালবেলাকে বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি এনফোর্সমেন্ট কার্যক্রমও চলমান রয়েছে। আত্মসাৎ করা অর্থ বিনিয়োগকারীদের ফেরত দিতে স্টক এক্সচেঞ্জগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যান্য আইনগত বিষয়ও পর্যালোচনাধীন রয়েছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ও পুঁজিবাজার বিশ্লেষক আল-আমিন কালবেলাকে বলেন, ‘যেসব ব্রোকারেজ হাউস গ্রাহকের অর্থ আত্মসাৎ করেছে, তাদের অধিকাংশের বিরুদ্ধে মামলা চলমান থাকায় সেই অর্থ উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ। একই সঙ্গে ইনভেস্টর প্রটেকশন ফান্ডে থাকা অর্থও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের জন্য পর্যাপ্ত নয়।’
তিনি বলেন, ‘আইনি ও আর্থিক জটিলতার নিষ্পত্তি না হলে এসব ব্রোকারেজ হাউস বিক্রিও সহজ হবে না। তাই পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফেরতের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ঠেকাতে বিনিয়োগকারীদেরও সচেতন থাকতে হবে এবং সুনাম ও বিশ্বাসযোগ্যতা রয়েছে—এমন ব্রোকারেজ হাউসের মাধ্যমেই বিনিয়োগ করা উচিত।’