

জাতীয়তাবাদী যুবদলের জরুরি সভায় হট্টগোলের ঘটনা নিয়ে বার্তা জানিয়েছেন সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। রোববার (৫ জুলাই) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এ পোস্টে তিনি এ বার্তা দেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সঙ্গে আমার তিন দশকেরও বেশি সময়ের সম্পর্ক। এখনো এই সম্পর্ক সুসম্পর্কই আছে। আজ আমাদের ১০টি বিভাগীয় সাংগঠনিক গ্রুপ যারা সপ্তাহব্যাপী কাজ করে ঢাকায় ফিরেছে তাদের নিয়ে জরুরি সভা ছিল। যেহেতু ১০টি বিভাগীয় সাংগঠনিক গ্রুপের সঙ্গে আলোচনা, তাই সভাটি দীর্ঘ ছিল বিধায় আজকে আমাদের সভাটি মুলতবি করে আগামীকাল বিকেল ৫টায় আবার সভা শুরুর সময় সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও লেখেন, গণতন্ত্রে তর্ক-বিতর্ক সাধারণ একটি ব্যাপার এবং পক্ষে ও বিপক্ষে বিভিন্ন মতামত থাকতেই পারে। তাই বলে এখানে কোনো ধরনের সমস্যা সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে হয়নি। আমরা স্বাভাবিকভাবে সভা মুলতবি করে সভাপতি ও সাধারণ সম্পাদক একসঙ্গে নিচে নেমে এসেছি। আমি নিজে সাধারণ সম্পাদককে বিদায় দিয়ে কয়েকজন নেতাকর্মীসহ পল্টন মসজিদে আসর নামাজ আদায় করতে গিয়েছি। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত রিপোর্টটি সত্য নয়।
এর আগে, রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় জাতীয়তাবাদী যুবদলের জরুরি সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। সদ্য ঘোষিত নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিতদের নিয়ে সংবাদ প্রকাশের বিষয়ে আলোচনা করতে গিয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। পরে স্থগিত করা হয় জরুরি সভা। এ ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।