কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

মাঠ ছাপিয়ে বাইরে অস্থিরতার ঝড়

মাঠ ছাপিয়ে বাইরে অস্থিরতার ঝড়

বছরজুড়ে লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের মাঠের ক্রিকেটের পারফরম্যান্সে ছিল অম্লমধুর। টেস্ট, টি-টোয়েন্টিতে যতটা স্বস্তি ছিল; ওয়ানডেতে ছিল ততটাই হতাশার প্রতিচ্ছবি। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটির সরাসরি বিশ্বকাপ খেলা ঘিরেও আছে শঙ্কার চাপ। তবে নারী ক্রিকেটে ছিল কিছুটা আলোর দেখা। নাটকীয়তা পেরিয়ে বিশ্বকাপে সুযোগ পেয়ে পাকিস্তানকে হারিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। অনূর্ধ্ব-১৯ ছেলেদের হ্যাটট্রিক শিরোপাটা ফের ছোঁয়ার সুযোগই হলো না। মাঠের ক্রিকেটে যখন এমন। তখন কিন্তু খেলার ফল ছাপিয়ে বছরের আলোচনায় উঠে এসেছে মাঠের বাইরের অস্থিরতা। বিপিএলে পারিশ্রমিক-ফিক্সিং বিতর্ক, নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ ও বিসিবি নির্বাচন ঘিরে তৈরি টানাপোড়েনে ক্লাব ক্রিকেটে অস্থিরতা—সব মিলিয়ে দেশের ক্রিকেটকে ঠেলে দিয়েছে এক অনিশ্চিত অন্ধকারের দিকে

টেস্ট, টি-টোয়েন্টিতে স্বস্তি, ওয়ানডেতে ভয়

শ্রীলঙ্কার মাটিতে টেস্ট জেতা ও সিরিজ ড্র করাই ছিল বছরে সবচেয়ে বড় পাওয়া। তবে অধিনায়কত্ব নিয়েও এত জল ঘোলা হয়নি। অভিমানে টেস্টের নেতৃত্ব ছেড়ে দেন নাজমুল হোসেন। পরে অবশ্য আয়ারল্যান্ড সিরিজের আগে ফের ফেরেন স্বপদে; দলকেও সিরিজ জেতান তিনি। টি-টোয়েন্টিতে লিটন দাস চমক দেখিয়ে টানা ৪ সিরিজ জেতেন। বিদেশেও জেতানোর ক্ষেত্রে রাখেন বড় অবদান। কিন্তু ওয়ানডে অধিনায়ক মিরাজের নেতৃত্বে হারের সংখ্যাই শুধু দেখা মিলেছে বড়ভাবে। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলাও এখন চাপে।

মুশফিকের অন্যরকম মাইলফলক

দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে একশ ম্যাচ খেলার অর্জন মুশফিকুর রহিমের। একই সঙ্গে নিজের শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে অন্য উচ্চতায় জায়গা করে নেন অভিজ্ঞ এ ব্যাটার। টেস্ট ক্রিকেটে দারুণ এক বছর কাটিয়েছেন মুশফিক।

ফিক্সিং ও পারিশ্রমিক বিতর্কের বিপিএল

গণঅভ্যুত্থানের পর দেশের অর্থনৈতিক অবস্থায় ছিল অস্থিরতার ছাপ। তবে সিনিয়র ক্রিকেটারদের চাপে পড়ে সে সময় বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিতে হয়েছিল নতুন সভাপতি সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে। সরকারের পক্ষ থেকেও ছিল পূর্ণ সমর্থন। টুর্নামেন্ট শুরুর আগেই নানামুখী অব্যবস্থাপনার মধ্যে পড়ে যায় বিপিএল। টিকিট থেকে শুরু করে দলগুলোর প্রস্তুতিতে দেখা মেলে হযবরল অবস্থা। মাঝপথে বিতর্ক আরও বাড়তে শুরু করে ফ্র্যাঞ্চাইজিগুলো ঠিক সময়ে পারিশ্রমিক দিতে না পারায়। আসরজুড়ে দুর্দান্ত রাজশাহীর কর্মকাণ্ডে নাজেহাল গভর্নিং কাউন্সিল। সেই বিতর্কে শেষ পর্যন্ত জড়িয়ে যায় ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগে। ব্যাপক তদন্তের পর ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন জমা পড়ে বিসিবিতে। সেই প্রতিবেদন ধরেই এই বিপিএলের নিলাম থেকে বাদ পড়েন এনামুল হক বিজয়সহ ৯ দেশি ক্রিকেটার ও বেশ কয়েকজন কর্মকর্তা। কিন্তু এই বিপিএলও যেন আগেরটার হাইলাইট হতে যাচ্ছে। টুর্নামেন্ট শুরুর আগের দিন চট্টগ্রাম রয়্যালসের মালিকপক্ষ জানিয়ে দেয় তাদের পক্ষে ফ্র্যাঞ্চাইজি চালানো অসম্ভব। নানা সমালোচনায় স্পন্সরই পায়নি তারা। মান বাঁচাতে এখন বিসিবি দায়িত্বে খেলছে দলটির।

বছরের মাঝপথে হঠাৎ সভাপতি বদল

২০২৪-এর রাষ্ট্রক্ষমতার পরিবর্তনের প্রভাব পড়েছিল বিসিবিতেও। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন নিয়ে বিসিবির সভাপতি হয়েছিলেন ফারুক আহমেদ। কথা ছিল পরবর্তী নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালনের। কিন্তু নয় মাসও দায়িত্ব পালন করতে পারেননি তিনি। মাঠের বাইরের একের পর এক বিতর্কিত ঘটনার দায় পড়তে থাকে সভাপতির চেয়ারে থাকা ফারুকের কাঁধে। ২৮ মে সরকারের পক্ষ থেকে ফারুককে অসন্তুষ্টির কথা জানান তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একদিন পরই তার ওপর অনাস্থা জানান বিসিবির বাকি ৮ পরিচালক। একই সময় অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেই আলোচনায় আমিনুল ইসলাম বুলবুল। ৩০ মে বিসিবির একই কায়দায় সভাপতি হিসেবে দায়িত্বভার কাঁধে তুলে নেন তিনি।

বিসিবি নির্বাচন ও ক্লাব ক্রিকেটে অস্থিরতা

স্বল্প মেয়াদে বিসিবি সভাপতি হয়েছিলেন আমিনুল ইসলাম। কিন্তু তার দীর্ঘমেয়াদি বিসিবিতে থাকার চিন্তার প্রভাব পড়ে যায় বিসিবির নির্বাচনেও। সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলতে শুরু করেন ক্লাব ক্রিকেটের প্রতিনিধিরা। শুরুতেই নির্বাচন না করার সিদ্ধান্ত জানান দীর্ঘ সময় বিসিবিতে থাকা পরিচালক মাহবুব উল আনাম। এরপর আমিনুলের প্রতিপক্ষের ভূমিকায় ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। কিছু ক্লাবকে ঘিরেও হাইকোর্ট পর্যন্ত হয়েছিল রিট। কিন্তু শেষ পর্যন্ত ক্লাব প্রতিনিধিদের একটা অংশ নির্বাচনে অংশ নেননি। অনেকটাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিভিন্ন জায়গায় নির্বাচিত হতে থাকেন পরিচালকরা। এর প্রভাব পড়ে শেষ পর্যন্ত ক্লাব ক্রিকেটে। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে খেলার বাইরে ৪৪টি ক্লাব। মাত্র ৩২টি ক্লাবকে নিয়ে ঢাকার লিগগুলো করতে হিমশিম খেতে হচ্ছে। অন্ধকারে প্রিমিয়ার লিগের মতো বড় টুর্নামেন্ট।

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ

বছরের শেষদিকে এক সাক্ষাৎকারে নিজের সঙ্গে ঘটা যৌন হয়রানি ও নানা বঞ্চনার অভিযোগ তোলেন নারী পেসার জাহানারা আলম। এরপর আরও কয়েকজনকে একই অভিযোগ তুলতে দেখা গেছে। পুরো বিষয়টি বিসিবির পেশাদারিত্বকে চরমভাবেই আঘাত করছে। এ নিয়ে তদন্ত কমিটি বিভিন্ন মেয়াদে এখনো কাজ চালিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১০

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১১

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১২

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৩

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৪

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৫

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৬

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৭

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৮

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৯

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

২০
X