ফরহাদ সুমন, চট্টগ্রাম
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৮:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে ‘ঝটিকা’ মিছিলে বেকায়দায় পুলিশ

মিছিল ঠেকাতে কঠোর নির্দেশনা সদর দপ্তরের
চট্টগ্রামে ‘ঝটিকা’ মিছিলে বেকায়দায় পুলিশ

গণঅভ্যুত্থানের পর পুলিশের নিষ্ক্রিয়তাকে সক্রিয় করতে কাজ করছেন ঊর্ধ্বতনরা। বিগত এক বছরে দেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা অন্যতম এ বাহিনীর কার্যক্রমে সক্রিয়তা ফিরেছে বলে দাবি সংশ্লিষ্টদের। যদিও বিভাগীয় মামলার ভয়ে আতঙ্কে রয়েছেন অনেক সদস্যই। এরই মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হঠাৎ হঠাৎ বের করা ঝটিকা মিছিল সামলাতে বেগ পেতে হচ্ছে। ঝটিকা মিছিল ঠেকাতে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা রয়েছেন প্রচণ্ড চাপে। যে কোনো মূল্যে এমন মিছিল ঠেকাতে সব মহানগর ও জেলা পুলিশের ওপর কঠোর নির্দেশনা রয়েছে পুলিশ সদর দপ্তরের। যে নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট ইউনিটপ্রধান অধীন থানা ও গোয়েন্দা পুলিশকে চাপে রাখা হয়েছে। এমন প্রেক্ষাপটের বাইরে নন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সদস্যরাও।

গত বছরের ৫ আগস্টের পর চট্টগ্রাম মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর নিষিদ্ধ ঘোষিত সহযোগী সংগঠন ছাত্রলীগ বা অন্য কোনো সহযোগী সংগঠনের মিছিল-সভা-সমাবেশের মতো কর্মসূচির দেখা মেলেনি। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরপরই আত্মগোপনে চলে যান দলের শীর্ষ পর্যায়ের নেতারা। ফলে ভেঙে পড়ে দলীয় নেতৃত্বের কাঠামো। কর্মীদের রেখে নেতারা আত্মগোপনে যাওয়ায় তৃণমূলে কর্মীদের মধ্যে রয়েছে ক্ষোভ। দিন বদলের পালার অপেক্ষায় থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের গত এক বছর তেমন কোনো তৎপরতা ছিল না রাজনীতির মাঠে। কিন্তু সংসদ নির্বাচন ঘনিয়ে আসার আগে আগে ঝটিকা মিছিলের মাধ্যমে অস্তিত্ব জানান দিতে শুরু করেছেন এসব সংগঠনের মাঠপর্যায়ের নেতাকর্মীরা। সাম্প্রতিক সময়ে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন নগর ও শহরে কয়েক মিনিটের ‘ঝটিকা’ মিছিল বের করতে দেখা যাচ্ছে তাদের। যার জন্য জবাবদিহি করতে হচ্ছে ‘ঝটিকা’ মিছিল বের হওয়া থানা এলাকার পুলিশ সদস্যদের। বিশেষ করে মিছিলের সংখ্যা এবং মিছিলের বহরে নেতাকর্মীদের সংখ্যা গেছে বেড়ে, যা ভাবিয়ে তুলেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এমন প্রেক্ষাপটে ঝটিকা মিছিল ঠেকানো এখন থানা পুলিশের অগ্রাধিকারের তালিকায় উঠে এসেছে।

ঢাকা মহানগরীসহ দেশের অন্যান্য জায়গায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ‘ঝটিকা’ মিছিলে তেমন সক্রিয় হতে পারেননি। তবে চট্টগ্রাম মহানগরীতে এর চিত্র ভিন্ন। গত বছরের ৫ আগস্টের পর চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা এলাকায় ৬ বার ‘ঝটিকা’ মিছিল করেছেন ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সমর্থকরা। এ ছাড়া নগরীর খুলশী, চান্দগাঁও, বন্দর, চকবাজার ও কোতোয়ালি থানা এলাকায় ঝটিকা মিছিল হয়েছে। এমনকি ঝটিকা মিছিল ঠেকাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হয়েছেন পুলিশ কর্মকর্তা। আবার ঝটিকা মিছিল ‘সংগঠিত’ হওয়ার কারণে থানার ওসি সাময়িক বরখাস্ত হয়েছেন।

সিএমপির এক কর্মকর্তা কালবেলাকে বলেন, ‘৫ আগস্টের ট্রমা এখনো পুলিশ সদস্যদের তাড়া করে। পুলিশের শূন্যতায় নগরীতে চুরি, ছিনতাই, ডাকাতি ইত্যাদি অপরাধের মাত্রাও বেড়ে গিয়েছিল। সে সময় অনেক এলাকায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সাহায্য চেয়েছিল নগরবাসী। নগরবাসীর জানমালের নিরাপত্তা দিতে পুলিশ সদস্যরা ট্রমা নিয়েও নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন। তবে থানা এলাকায় তাদের জন্য নতুন আতঙ্ক এখন নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল। এ বিষয়টি কমিশনার মহোদয়ের পক্ষ থেকে শক্ত হাতে দমন ও গ্রেপ্তারের নির্দেশনা রয়েছে।’

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘যে থানা এলাকায় মিছিল সংগঠিত হবে, সে থানার সব সদস্যের ঘুম হারাম। মিছিলের কারণে যে কেউ প্রত্যাহার হতে পারেন।’

সরেজমিন দেখা যায়, নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল দমাতে গত শুক্রবার জুমার নামাজের আগে এবং পরে প্রত্যেক থানা এলাকায় পুলিশ সদস্যদের ব্যস্ততা বাড়ে। ঈগল পুলিশ সদস্যরা মোটরসাইকেল দিয়ে টহলে থাকেন। এ ছাড়াও থানার অন্যান্য টহল টিম ছিল সক্রিয়। পাশাপাশি থানার ওসিরাও সজাগদৃষ্টি রাখেন। পোশাকধারী পুলিশের পাশাপাশি ইউনিফর্মবিহীন সদস্যরাও দায়িত্ব পালন করেন।’

জানা গেছে, এখন পর্যন্ত চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল ঘিরে শতাধিক গ্রেপ্তার রয়েছে। তাদের মধ্যে কর্মী, সমর্থক ও ওয়ার্ড পর্যায়ের পদধারীরাও রয়েছেন। ঝটিকা মিছিল সংগঠিত হয় বেশিরভাগ ভোরে অথবা গভীর রাতে। মিছিলের সময়সীমা থাকে ৫ থেকে ১০ মিনিটের মতো, যার স্থিরচিত্র বা ভিডিও ক্লিপ মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গতকাল রোববার ভোরে নগরের ষোলোশহর এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ব্যানারে এই মিছিল বের হয়। যার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আনোয়ারুল হক ওরফে ইশান, রাজন দাশ ও সৈকত চন্দ্র ভৌমিক নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনজনেরই বাসা নগরের পাঁচলাইশ এলাকায়।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন কর্মী ভোরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে ঝটিকা মিছিল বের করেন। মিছিলে অংশ নেওয়া তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।’

এর আগে গত শুক্রবার জুমার নামাজ চলাকালীন বাঁশখালীতে ঝটিকা মিছিল করে উপজেলা ছাত্রলীগ। তাৎক্ষণিক মিছিলের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশ থেকে ত্রিশজন যুবকের অংশগ্রহণে এই মিছিল বের হয়।

এ প্রসঙ্গে বাঁশখালী থানার ওসি সাইফুল আলম কালবেলাকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর লিঙ্ক আমরা পেয়ে তা যাচাই-বাছাই করছি। মিছিলটি বাঁশখালীর কোন এলাকায় সংগঠিত হয়েছে তা নিশ্চিত করে বলতে পারছি না। জুমার নামাজ চলাকালীন মিছিলটি বের হতে পারে বলে ধারণা করছি।’

ঝটিকা মিছিল আতঙ্কের বিষয়ে জানতে চাইলে সিএমপির সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ বলেন, ‘সম্প্রতি নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল সংগঠিত হচ্ছে। দু-একদিনের মধ্যে একটু বেশি হচ্ছে। আমাদের থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে, গ্রেপ্তারও করা হচ্ছে।’

নিষিদ্ধ সংগঠনের পলাতক নেতৃবৃন্দ ফিরে আসতে পারে—এমন কোনো তথ্য পেয়েছেন কি না জানতে চাইলে নগর পুলিশের এই মুখপাত্র বলেন, ‘তারা তো আত্মগোপনে রয়েছেন। ফিরে আসার কোনো তথ্য এখন পর্যন্ত নেই। এ ছাড়া সুযোগও নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১০

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

১১

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১২

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১৩

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১৪

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১৫

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৬

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

১৭

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১৮

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১৯

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

২০
X