

চলতি বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেন লিওনেল মেসি। হ্যাটট্রিক করা ম্যাচের বল তিনি বার্সেলোনায় তার ব্যক্তিগত সংগ্রহশালায় রাখতে চলেছেন।
আর্জেন্টিনার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ শেষ হওয়ার পরই বিশ্বকাপে হ্যাটট্রিকের বলটি আলাদা করে সংরক্ষণ করা হয়। মেসির দলের কিট স্টাফরা সেটি সংগ্রহ করেন। এরপর আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া ব্যক্তিগতভাবে বলটি স্টেডিয়াম থেকে নিয়ে যান। দেশে ফেরার আগে মেসির হ্যাটট্রিক করা বলে সতীর্থদের স্বাক্ষর করিয়ে নেবেন। এরপরই সেটা ফুটবল সংগ্রহে পাঠিয়ে দেওয়া হবে। মেসির হ্যাটট্রিক করা ম্যাচের দিনে মাঠে ছিল তার পরিবারও। গ্যালারিতে উপস্থিত ছিলেন স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জা এবং তিন ছেলে থিয়াগো, মাতেও ও চিরো। পরিবারের সামনে হ্যাটট্রিক করে ম্যাচসেরা হওয়া বলটির গুরুত্ব আরও বেড়ে গেছে।
এবারের বিশ্বকাপে মাত্র প্রথম ম্যাচ খেলেছেন মেসি। হ্যাটট্রিকের মাধ্যমে অনেক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। আরও একটা হ্যাটট্রিক করতে পারবেন কি না, তা সময় বলবে। তবে রেকর্ড যে হবে, তা নিশ্চিত। প্রথম রেকর্ডটি হবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে তিন গোল করা মেসির বিশ্বকাপ গোলসংখ্যা এখন ১৬। জার্মানির মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলের রেকর্ডটি দখলে আছে। অস্ট্রিয়ার বিপক্ষে একটি গোল করলেই তিনি ১৭ গোল নিয়ে এককভাবে এই তালিকার শীর্ষে উঠবেন।