

ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বখ্যাত পপতারকা শাকিরা। ৩৯ বছর বয়সেও মেসির দুর্দান্ত পারফরম্যান্স, শৃঙ্খলা ও অদম্য মানসিকতার প্রশংসা করে দেওয়া তার পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। পরে সেই বার্তাই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। মেসির একটি ছবি পোস্ট করে শাকিরা লেখেন, ‘লিও মেসি যা করছেন, তা সত্যিই অসাধারণেরও ঊর্ধ্বে। এটি এমন একজন মানুষের পরিচয়, যিনি প্রতিশ্রুতিবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ এবং সময় ও সব প্রতিকূলতাকে চ্যালেঞ্জ জানিয়ে এগিয়ে চলেছেন। তিনি প্রমাণ করছেন, একজন মানুষকে বয়স বা অন্যের কথায় বিচার করা যায় না।’ শুধু মেসি নন, আন্তোনেলা রোকুজ্জোর ভূমিকাও তুলে ধরেন শাকিরা। তার ভাষায়, মেসির সাফল্যের পেছনে স্ত্রী আন্তোনেলা শক্তি ও অনুপ্রেরণার অন্যতম উৎস। তিনি লেখেন, ‘পাশে আন্তোনেলার মতো একজন সঙ্গী থাকায় মেসি সেই শক্তি পান, যা তাকে বারবার নিজেকে প্রমাণ করতে সাহায্য করে।’ বিশ্বকাপের একাধিক জনপ্রিয় গানের শিল্পী হিসেবে ফুটবল বিশ্বমঞ্চের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে শাকিরার। তার এই প্রশংসাবার্তা এসেছে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালকে ঘিরে তুমুল উত্তেজনার মধ্যেই। উল্লেখ্য, আজ রোববার রাতে চলতি ফিফা বিশ্বকাপের ফাইনালের মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বর্তমান চ্যাম্পিয়নরা। এনজো ফার্নান্দেজ সমতা ফেরানোর পর যোগ করা সময়ের শেষ মুহূর্তে জয়সূচক গোল করেন লাউতারো মার্তিনেজ। অন্যদিকে, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি ‘গোল্ডেন বুট’ জয়ের দৌড়ে এখনো এগিয়ে থাকা ফুটবলারদের একজন মেসি।