

দেশের জাতীয় আন্তঃপরিচালনাযোগ্য (ইন্টারঅপারেবল) কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’-এর ব্যবহার বাড়াতে প্রচারণামূলক কার্যক্রম শুরু করেছে ওয়ান ব্যাংক পিএলসি। ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং স্মার্ট, নগদবিহীন অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি।
ব্যাংক সূত্রে জানা গেছে, এ প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বাংলা কিউআরের সুবিধা, বৈশিষ্ট্য ও ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে। পাশাপাশি ওয়ান ব্যাংকের কর্মকর্তাদেরও হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বাংলা কিউআরের কার্যক্রম সম্পর্কে দক্ষ করে তোলা হবে, যাতে তারা গ্রাহকদের আরও কার্যকর সেবা দিতে পারেন।
বাংলা কিউআর হলো বাংলাদেশের একটি একীভূত জাতীয় কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা। এর মাধ্যমে অংশগ্রহণকারী ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) গ্রাহকরা যে কোনো অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট বা ওয়ালেট ব্যবহার করে একটি মাত্র কিউআর কোড স্ক্যানের মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারেন।
ব্যাংকটির মতে, একাধিক কিউআর কোডের পরিবর্তে একটি একীভূত প্ল্যাটফর্ম ব্যবহারের ফলে গ্রাহকদের লেনদেন আরও সহজ হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের পরিচালন ব্যয় কমবে, সেবার দক্ষতা বাড়বে এবং নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে উঠবে।
বাংলা কিউআর ইকোসিস্টেমের অংশ হিসেবে ওয়ান ব্যাংক তাদের বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ সেবার সম্প্রসারণে কাজ করছে। ব্যাংকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘ওকে ওয়ালেট’ বাংলা কিউআরের ইস্যুয়ার ও অ্যাকোয়ারার—উভয় ভূমিকায় সেবা দিচ্ছে। ফলে গ্রাহকরা বাংলা কিউআরের মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারছেন এবং ব্যবসায়ীরাও একই কিউআর ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট গ্রহণের সুযোগ পাচ্ছেন।
এ ছাড়া ব্যাংকের স্মার্টফোনভিত্তিক ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘ওয়ানঅ্যাপ’-এর মাধ্যমে গ্রাহকরা নিরাপদে বাংলা কিউআর স্ক্যান করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ পরিশোধ করতে পারছেন।
উদ্বোধনী অনুষ্ঠানটি ওয়ান ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, চিফ লিগ্যাল অফিসার এবং হেড অব রিকভারি ডিভিশন মো. আনোয়ারুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড পাবলিক সেক্টর, কাজী জিয়াউল ইসলাম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ট্রানজেকশন অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং ডিভিশন ইফতেখার আহমেদ জাফরসহ ব্যাংকের দুই শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ওয়ান ব্যাংক জানিয়েছে, দেশের ডিজিটাল রূপান্তরের লক্ষ্য বাস্তবায়নে নিরাপদ, সহজ ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা সম্প্রসারণে তারা কাজ করে যাচ্ছে। একই সঙ্গে গ্রাহকদের জন্য আধুনিক, সংযুক্ত ও সহজলভ্য আর্থিক সেবা নিশ্চিত করাই ব্যাংকটির অন্যতম অগ্রাধিকার।