

দেশের প্রথম আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬ এর ক্যাপ্টেনস মিট–ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১ জুলাই) রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজার বলরুমে ওই অনুষ্ঠান হয়।
‘ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’ প্রতিপাদ্যে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টটি আগামী ৩ জুলাই শুক্রবার ও ৪ জুলাই শনিবার গুলশান ইউথ ক্লাব টার্ফ মাঠে অনুষ্ঠিত হবে। দেশীয় ও আন্তর্জাতিক ১৬টি এয়ারলাইন্স প্রতিষ্ঠান এই ক্রীড়া মঞ্চে অংশ নিচ্ছে।
এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের একমাত্র সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর এনভয়-শেলটেক এভিয়েশন এবং পাওয়ার্ড বাই ভিআইপি মোটরস।
ক্যাপ্টেনস মিট অনুষ্ঠানে ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র করেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার তপু বর্মন ও সাবেক অধিনায়ক ও স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি।
টুর্নামেন্টের শুরুর দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিদ্বন্দ্বিতা করবে ইথিওপিয়ান এয়ারলাইন্সের সঙ্গে। একই দিন এয়ার অ্যারাবিয়া বনাম ফ্লাই দুবাই, কাতার এয়ারওয়েজ বনাম এয়ারএশিয়া এবং সৌদিয়া বনাম টার্কিশ এয়ারলাইন্সের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।
এছাড়াও সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্স বনাম থাই এয়ারওয়েজ, এমিরেটস বনাম এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো বনাম নভোএয়ার এবং ইউএস-বাংলা বনাম এয়ার অ্যাস্ট্রা’র প্রতিদ্বন্দ্বিতা হবে এ দিন।
আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, একইদিন সন্ধ্যায় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সেমিফাইনাল, ফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ জুলাই শনিবার। ক্যাপ্টেনস মিট – ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র অনুষ্ঠানে পাওয়ার্ড বাই স্পন্সর ভিআইপি মোটরসের ম্যানেজিং ডিরেক্টর ভাস্কর নাজম, কো-স্পন্সর প্লিয়াডেস বাংলাদেশ লিমিটেড (পিবিএল) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মো. জুবায়ের আক্তার চৌধুরী, গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান তমাল প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজক সংস্থা এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার বলেন, এই আয়োজন শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; বরং দেশের এভিয়েশন পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির একটি অনন্য উদ্যোগ।