

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ৭ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ২৫৫ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা পরিষদের সম্প্রসারিত চারতলা প্রশাসনিক ভবন ও একতলা মিলনায়তনের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।
রোববার (৫ জুলাই) বিকেলে প্রধান অতিথি হিসেবে তিনি ভবনটির উদ্বোধন করেন। পরে স্মারক ফলক উন্মোচন এবং উপজেলা পরিষদ চত্বরে সাইকাস ও নারিকেল গাছের চারা রোপণ করেন। এরপর নবনির্মিত প্রশাসনিক ভবন ও মিলনায়তন পরিদর্শন করেন।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ফুলবাড়ীয়ায় পৌঁছালে প্রতিমন্ত্রীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ ও ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় দলীয় নেতাকর্মীরাও তাকে স্বাগত জানান।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন ও ছাইফুল ইসলাম বাদল, পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমসের আলী, জেলা যুবদলের সহসভাপতি আজাহারুল আলম রিপন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জুবায়ের হোসেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত প্রকল্পটির নির্মাণকাজ ২০২৪ সালের ২২ জানুয়ারি শুরু হয়ে চলতি বছরের ৩০ এপ্রিল শেষ হয়। সংশ্লিষ্টদের মতে, নতুন ভবনটি উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জনগণের সরকারি সেবা গ্রহণ সহজ করবে।
জাতীয় নির্বাচনের পর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর এটি প্রথম ফুলবাড়ীয়া সফর।