

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় গাছের চারা রোপণ করেছে রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাস।
সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার নওয়াপাড়ার মারকাযুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা এবং চরকুচিয়াগ্রাম পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে পৃথকভাবে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৬৪, বাংলাদেশের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে রোটারি কমিউনিটি কর্প (আরসিসি) অব আলফাডাঙ্গা।
কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির মোট ৩০০টি গাছের চারা রোপণ করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোটারি কমিউনিটি কর্প (আরসিসি) আলফাডাঙ্গা শাখার সভাপতি সৈয়দ নাঈম আলি, সমাজসেবক মো. দেলোয়ার হোসেন (টলিন), ইউনিয়ন পরিষদের সদস্য মো. মকিবুল হাছান (মক্কা), সাবেক ইউপি সদস্য মো. আব্বাস উদ্দিন শেখ, মারকাযুল কুরআন মাদ্রাসার মোহতামিম হাফেজ ইসমাঈল, মো. আশরাফ মিয়া, মো. আরল হোসেন, মো. শব্বির মিয়া, মো. রিপন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ ব্যাপারে সৈয়দ নাঈম আলি বলেন, ‘গাছ আমাদের জীবনের অপরিহার্য অংশ। একটি গাছ শুধু অক্সিজেনই সরবরাহ করে না, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
তিনি আরও বলেন, ‘রোটারির ‘ক্রিয়েট লাস্টিং ইমপ্যাক্ট’ প্রতিপাদ্যকে ধারণ করে আমরা সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। বৃক্ষরোপণ কর্মসূচিও তারই একটি অংশ। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও মানবকল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘শুধু গাছ লাগানো নয়, এগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করা গেলে পরিবেশ রক্ষায় এ কর্মসূচি দীর্ঘমেয়াদে ইতিবাচক ভূমিকা রাখবে।’