

বরিশালে সফরকালে পথে গাড়ি থামিয়ে স্কুলশিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের বিভিন্ন ক্রীড়াসামগ্রী উপহার দেন।
সোমবার (১৩ জুলাই) দুপুরে বরিশাল নগরীর পথে বাবুগঞ্জ উপজেলার সাতমাইল ক্যাডেট কলেজসংলগ্ন শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে বিদ্যালয়ের সামনে অপেক্ষা করছিল একদল খুদে শিক্ষার্থী। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের কাছে যান এবং তাদের সঙ্গে কথা বলেন। এ সময় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার আগ্রহ প্রকাশ করলে তিনি তাদের একজনের মোবাইল ফোন হাতে নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন। পরে বাস থেকে ফুটবল, ব্যাডমিন্টন সেট, দাবাসহ বিভিন্ন ক্রীড়াসামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার প্রতিও গুরুত্ব দিতে হবে। পরে তিনি বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকের সঙ্গেও সংক্ষিপ্ত সময় কথা বলেন।
এর আগে সকালে গৌরনদীর বাটাজোরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বরিশাল নগরীর উদ্দেশে রওনা হন।