

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোটগ্রহণ কার্যক্রম শেষ হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫৭৩ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪৮০ জন শিল্পী। এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু । এবার ভোটার উপস্থিতির হার ছিল প্রায় ৮৪ শতাংশ, যা শিল্পীদের ব্যাপক অংশগ্রহণেরই ইঙ্গিত দেয়।
সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। দুপুরে জুমার নামাজের জন্য এক ঘণ্টার বিরতি দেওয়া হলেও এরপর আবারও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। দিনভর এফডিসিতে প্রবীণ ও নবীন—দুই প্রজন্মের শিল্পীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এক প্যানেলে রয়েছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি, অন্য প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবা সানু ও শহরিয়ার নাজিম জয়।
ভোটগ্রহণ শেষে এখন শুরু হবে ভোট গণনার প্রস্তুতি। গণনা শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে। নতুন নেতৃত্বে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব কারা পাচ্ছেন, সে দিকেই এখন তাকিয়ে রয়েছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট সবাই।
এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান, সাধারণ সম্পাদক পদে রয়েছেন রুমানা ইসলাম মুক্তি। এই প্যানেলে সহ-সভাপতি পদে নূতন ও ইলিয়াস কোবরা, সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কমল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন জয় চৌধুরী। তাদের প্যানেলে সহ-সভাপতি পদে রোজিনা ও ডিএ তায়েব, সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোসাফকুল জামিল কাকন এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ নির্বাচন করছেন। এছাড়া সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ইউসুফ খান।
অন্যদিকে ১১টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। রাতেই গণনা শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আজই ঘোষণা করা হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির ফলাফল।